Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফ্ল্যাট কিনতে গিয়ে সর্বস্বান্ত? রাজ্যজুড়ে 'প্রতারণার জাল', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ফ্ল্যাট কিনতে গিয়ে সর্বস্বান্ত? রাজ্যজুড়ে 'প্রতারণার জাল', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন? অগ্রিম টাকা দেওয়ার আগে সাবধান! নির্মীয়মাণ আবাসনের ছবি দেখিয়ে বুকিংয়ের টাকা নেওয়া, কিন্তু পরে চাবি না দেওয়া-এমন অভিযোগ ক্রমেই বাড়ছে। কোথাও আবার আইনি জটিলতা থাকা জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রির অভিযোগ, টাকা নেওয়ার পরই বেপাত্তা প্রোমোটার। এবার এই পরিস্থিতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নিউ মার্কেটের হগ মার্কেটে ক্রেতা সুরক্ষা সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যজুড়ে ফ্ল্যাট কেনাবেচাকে ঘিরে প্রতারণার একটি বড় চক্র তৈরি হয়েছে। তাঁর কথায়, সল্টলেকের দলীয় কার্যালয়ে 'জনতার দরবার' এবং সিএমআর-এর গ্রিভেন্স সেলে প্রতিদিনই ফ্ল্যাট বুকিং সংক্রান্ত বহু অভিযোগ আসছে।

মুখ্যমন্ত্রীর দাবি, ভুয়ো বিজ্ঞাপন দিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার ঘটনা নিয়মিত সামনে আসছে। এমনকী সম্প্রতি নিউটাউনের একটি ঘরে অভিযান চালিয়ে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। অভিযোগ, বিভিন্ন নামী অনলাইন ডেলিভারি সংস্থার নাম ব্যবহার করে ভুয়ো বুকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হচ্ছিল।

শুধু আবাসন নয়, বাজারদর এবং খাদ্যপণ্যের গুণমান নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সবজি, চিনি ও চালের দাম নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ, হোটেল ও মিষ্টির দোকানে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার এবং মাছ-সবজিকে সতেজ দেখাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দাঁড়িপাল্লায় কারচুপি থেকে রসিদ না দেওয়া-ক্রেতাদের ঠকানোর প্রতিটি অভিযোগেই নজরদারি বাড়ানোর বার্তা দিয়েছেন তিনি। ফলে ফ্ল্যাট কেনা থেকে বাজার করা-ক্রেতা সুরক্ষায় প্রশাসনের নজরদারি আরও কড়া হতে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din