পরিবেশ সংরক্ষণে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির আওতায় আগামী এক বছরে রাজ্যজুড়ে প্রায় ১.১ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে প্রত্যেক বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকায় ১ হাজার করে চারা রোপণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারের কাছে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছেন। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, বিশিষ্ট নাগরিক ও সাধারণ মানুষকেও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। পরিকল্পনা অনুযায়ী জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে, ব্লক স্তরে ১০০টি, পুরসভা স্তরে ২০০টি এবং বরো স্তরে ৩০০টি করে চারা রোপণ করা হবে। এছাড়াও বিধায়কদের মাধ্যমে পৃথকভাবে চারা রোপণের ব্যবস্থা করা হবে।
প্রকল্পের বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের একটি রাজ্যস্তরীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

