রাজ্যে বকেয়া পুরসভা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। আসন্ন পুরভোটের প্রস্তুতি এবং প্রশাসনিক পরিকাঠামো খতিয়ে দেখতে বুধবার উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করল কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসাররা।
কমিশন সূত্রে খবর, বৈঠকে পুর এলাকার সীমানা পুনর্নির্ধারণ, আসন সংরক্ষণ, চূড়ান্ত ভোটার তালিকা, ভোটকেন্দ্র নির্বাচন, ভোটকর্মী নিয়োগ এবং ইভিএম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএম দিয়েই পুরভোট হবে, নাকি নতুন প্রযুক্তির মেশিন আনা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইভিএমের জোগানের উপর নির্ভর করে একদিনে নাকি একাধিক দফায় ভোট হবে, তা-ও এখনও স্পষ্ট নয়।
বকেয়া নির্বাচনের তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর ও শিলিগুড়ি-সহ পাঁচটি পুরনিগম। পাশাপাশি কার্সিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি, বালি, ডোমকল, পূজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প ও নলহাটির মতো একাধিক পুরসভাতেও নির্বাচন বাকি।
কমিশন সূত্রের দাবি, সেপ্টেম্বরের মাঝামাঝি আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আপত্তি ও পর্যালোচনা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইভিএমের FLC, স্ট্রং রুমের নিরাপত্তা এবং ভোটকর্মী নিয়োগের প্রস্তুতিও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে সব ঠিক থাকলে দুর্গাপুজোর পরেই বকেয়া পুরসভাগুলিতে নির্বাচনের প্রস্তুতি আরও গতি পেতে পারে।

