Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল রহস্যময় সিন্দুক! ভিতরে হার্ড ডিস্ক ও মাদারবোর্ড, তদন্তে পুলিশ

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল রহস্যময় সিন্দুক! ভিতরে হার্ড ডিস্ক ও মাদারবোর্ড, তদন্তে পুলিশ

পূর্ব বর্ধমানের ভাতারে মাছ ধরতে গিয়ে একটি রহস্যময় সিন্দুক উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিন্দুকের ভিতর থেকে একটি হার্ড ডিস্ক ও একটি মাদারবোর্ড উদ্ধার হওয়ায় ঘটনাটি আরও রহস্যের জন্ম দিয়েছে। কে বা কারা ওই সিন্দুকটি পুকুরে ফেলে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ভাতারের বলগোনা অঞ্চলের তুলসীডাঙা পাড়ায় মহম্মদ জিয়াউদ্দিনের পুকুরে রবিবার মাছ ধরা হচ্ছিল। প্রথমবার জাল ফেলার পর তেমন মাছ না ওঠায় আরও দু'বার জাল ফেলা হয়। দ্বিতীয় দফায় জাল টানার সময় জেলেদের পায়ে ভারী লোহার মতো একটি বস্তু ঠেকে। পরে সেটি পুকুর থেকে তোলা হলে দেখা যায়, সেটি একটি সিন্দুক।

সিন্দুকটির লকারের মুখ কিছুটা আলগা থাকায় সহজেই সেটি খোলা যায়। ভিতরে পাওয়া যায় একটি হার্ড ডিস্ক এবং একটি মাদারবোর্ড। বিষয়টি জানাজানি হতেই এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিন্দুকের ভিতরে থাকা সামগ্রী উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যায়।

পুকুরের মালিক মহম্মদ জিয়াউদ্দিন জানান, তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন এবং সপ্তাহান্তে বাড়ি ফেরেন। তাঁর কথায়, "জেলেরা মাছ ধরতে এসে সিন্দুকটি পায়। আমি নিশ্চিত, কেউ না কেউ এটি পুকুরে ফেলে গিয়েছে। না হলে এমন জিনিস পুকুরে এল কীভাবে? বিষয়টি সত্যিই আশ্চর্য।"

পুলিশ প্রাথমিকভাবে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক ও মাদারবোর্ডের উৎস এবং সেগুলিতে কোনও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। পাশাপাশি, সিন্দুকটি কীভাবে পুকুরে এল এবং এর পিছনে কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, সেই দিকও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din