নিজস্ব সংবাদদাতা: প্রথম দুই দফার ভোটের মতোই পুনর্নির্বাচনেও দেখা গেল ব্যাপক ভোটদানের ছবি। শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত Diamond Harbour-এর ৪টি বুথে ভোট পড়েছে ৯১.৭৭ শতাংশ।
অন্যদিকে Magrahat Paschim-এর ১১টি বুথে ভোটদানের হার পৌঁছেছে ৮৯.২৯ শতাংশে।
গত ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত দুই দফার ভোটে একাধিক বুথে অনিয়ম, অভিযোগ ও সংঘর্ষের জেরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই শনিবার সংশ্লিষ্ট ১৫টি বুথে ফের ভোটগ্রহণ হয়।
সকাল থেকেই দুই কেন্দ্রের একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। গরম উপেক্ষা করেই বহু মানুষ সকাল সকাল ভোট দিতে হাজির হন। প্রশাসন সূত্রে খবর, পুনর্নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। মোতায়েন ছিল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ।
যদিও বিরোধী শিবিরের তরফে কিছু জায়গায় বিক্ষিপ্ত অভিযোগ ওঠে, তবে বড় কোনও অশান্তির খবর মেলেনি। নির্বাচন কমিশন সূত্রের দাবি, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে পুনর্নির্বাচন।
এত উচ্চ ভোটদানের হার রাজনৈতিক মহলেও নতুন করে জল্পনা বাড়িয়েছে। বিশেষ করে Diamond Harbour এবং Magrahat Paschim- দুই কেন্দ্রের ফলাফল এখন রাজ্যের রাজনৈতিক মহলের নজরে।

