মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বিচোলি মারদানা এলাকার একটি আবাসিক পাড়ায় চিতাবাঘের হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে কাজে যাওয়ার পথে এক ডেলিভারি কর্মীর উপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে বন্য প্রাণীটি। সৌভাগ্যবশত উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বেঁচে যান ওই যুবক। পুরো ঘটনাটি রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো মোটরবাইকে করে ডেলিভারি দিতে যাচ্ছিলেন ওই কর্মী। রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই একটি চিতাবাঘ সামনে এসে বাইকের দিকে তেড়ে আসে। আচমকা হামলায় যুবক বাইক থেকে পড়ে গেলেও এক মুহূর্ত দেরি না করে বাইক ফেলে দ্রুত নিরাপদ স্থানে ছুটে যান। তাঁর এই তৎপরতার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশ ও বন দফতরে খবর দেওয়া হয়। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাজুড়ে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে চিতাবাঘের কোনও সন্ধান না মিললেও বনকর্মীদের অনুমান, সেটি আশপাশের জঙ্গলমুখী এলাকায় সরে গিয়েছে।
বন দফতরের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও চিতাবাঘ দেখা গেলে বা তার উপস্থিতির কোনও চিহ্ন নজরে এলে অবিলম্বে পুলিশ বা বন দফতরকে জানাতে বলা হয়েছে। আপাতত চিতাবাঘটিকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে।

