ঝাড়গ্রাম: দীর্ঘদিন ধরে কৃষকদের অভিযোগ ছিল, সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার সকালেই ঝাড়গ্রাম শহরের একাধিক সারের দোকানে অভিযান চালাল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)।
সূত্রের খবর, বাজারে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ ক্রমশ বাড়ছিল।
অভিযোগের সত্যতা যাচাই করতে আচমকাই বিভিন্ন দোকানে পৌঁছে যান ইবি-র আধিকারিকরা। অভিযানের সময় দোকানগুলিতে থাকা সারের মজুত, ক্রয়-বিক্রয়ের নথি এবং স্টক রেজিস্টার খতিয়ে দেখা হয়।
শুধু নথিপত্রই নয়, দোকানে উপস্থিত কৃষকদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। তাঁরা নির্ধারিত দামে সার পাচ্ছেন কি না, অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না এবং সরবরাহে কোনও সমস্যা রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি সরকারের নির্ধারিত মূল্যতালিকার সঙ্গে দোকানে বিক্রিত সারের দাম মিলিয়ে দেখা হয়।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক আধিকারিক জানান, কৃষকদের স্বার্থে বাজারে সারের দাম নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। কোনও ব্যবসায়ী যদি নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করেন বা কালোবাজারির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ এই অভিযানের জেরে ঝাড়গ্রামের সার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের আকস্মিক অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

