মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সাক্ষাতের পর তিনি নিজেই সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন এবং বৈঠকের উদ্দেশ্যও বিস্তারিতভাবে তুলে ধরেন।
ফেসবুক পোস্টে হুমায়ুন কবীর জানান, এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ।
তবে সেই বৈঠকে মুর্শিদাবাদ জেলার সামগ্রিক উন্নয়ন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর দাবি, আলোচনা অত্যন্ত ইতিবাচক পরিবেশে হয়েছে এবং তা ফলপ্রসূও ছিল।
এই বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দাবি জানান। প্রথমত, নওদা বিধানসভার কৃষকদের সুবিধার জন্য একটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণের আবেদন করেন। দ্বিতীয়ত, রেজিনগর বিধানসভার মানুষের যাতায়াত আরও সহজ করতে ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাব দেন।
হুমায়ুন কবীরের বক্তব্য, মুখ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁর সমস্ত প্রস্তাব শুনেছেন এবং জেলার উন্নয়নের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
উল্লেখ্য, গত জুন মাসে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি জনসভা থেকে হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন এবং জেলা প্রশাসনকে ঘিরে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই ঘটনার পর তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।

