Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

নির্ধারিত ৯০ মিনিটে গোল নেই। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুর লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে ১৩৫তম ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল এফসি। বুধবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম সেমিফাইনালে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে খেতাব জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল আন্তোনিও লোপেজ হাবাসের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় লাল-হলুদকে। প্রথম ২০ মিনিটে বলের নিয়ন্ত্রণও ছিল ইস্টবেঙ্গলের দখলে। তবে দিল্লির জমাট রক্ষণ ভেঙে গোলের মুখ খুলতে পারেনি তারা।

৩৩ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। প্রতি-আক্রমণ থেকে দিল্লি পেনাল্টি আদায় করে নিলেও ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক প্রভসুখন গিল। দুর্দান্ত দক্ষতায় পেনাল্টি রুখে দলকে বিপদমুক্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধে দু'দলই একাধিক আক্রমণ তৈরি করলেও গোল আসেনি। বিশেষ করে শেষ ১৫ মিনিটে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ বাড়লেও ফিনিশিংয়ের অভাবে গোল অধরাই থেকে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।

সেখানেই ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করে ইস্টবেঙ্গল। দিল্লির সেমিফাইনালের স্বপ্নভঙ্গ করে ফাইনালের টিকিট নিশ্চিত করে হাবাস-ব্রিগেড।

এবার নজর ফাইনালে। আগামী ২৩ অগস্ট মরসুমের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইস্টবেঙ্গল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din