নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ছেন তামান্নার মা থেকে শুরু করে অভয়ার মা । যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে , নানান সমালোচনা শোনা গিয়েছে । তবে এসবের মাঝেই আবার চমক । বিজেপির হয়ে প্রচারে নামছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের হিংসায় মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও মৃত চন্দন দাসের স্ত্রী পিংকি দাস !
মুর্শিদাবাদে সামশেরগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষের সমর্থনে , বুধবার দুপুরে , একটি সম্মেলনের আয়োজন করা হয় ধুলিয়ান পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার অনুষ্ঠান বাড়িতে । আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন , মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার ।
এই অনুষ্ঠানে আসার জন্য , মৃত পিতা পুত্রের পরিবারকে আহ্বান জানানো হয়েছিল বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে। শুধু এদিনের সম্মেলনে উপস্থিত থাকাই নয় , জানা গিয়েছে , এবার ভোট প্রচারেও দেখা যাবে পারুল দাস ও পিংকি দাসকে । তাদের কথায় , "বিজেপি প্রথম থেকেই আমাদের সঙ্গ ছিল। আমাদের জন্য সব কিছু করল। তৃণমূলের কেউ আসেনি, আমার পার্টির লোকও আসেনি।"
প্রসঙ্গত মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাস বাম কর্মী সমর্থক ছিলেন । তবে বামেরা তাদের সাথে কেউই যোগাযোগ রাখেনি বলে , বারবার অভিযোগ করেছে বিজেপি । আর অবশেষে এবার বিজেপির হয়ে ভোটের প্রচারে মৃত পিতা পুত্রের পরিবার ।

