Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তৃণমূলে অভিষেকের ক্ষমতা আরও পোক্ত, প্রবীণদের দাঁড় করিয়ে বার্তা মমতার

তৃণমূলে অভিষেকের ক্ষমতা আরও পোক্ত, প্রবীণদের দাঁড় করিয়ে বার্তা মমতার

রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়ে জোর জল্পনার মাঝেই দলের অন্দরে শক্ত বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে জয়ী ৮০ জন বিধায়ক এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো।

রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক শুধু সাংগঠনিক পর্যালোচনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং ভবিষ্যতের নেতৃত্বের রূপরেখাও স্পষ্ট করে দিল।
সূত্রের খবর, বৈঠকের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা। নির্বাচনে পরাজয়ের আবহেও তাঁর পরিশ্রম ও সাংগঠনিক লড়াইয়ের কথা উল্লেখ করে উপস্থিত নেতাদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানানোর নির্দেশ দেন মমতা। সেই নির্দেশ মেনে শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খানের মতো প্রবীণ নেতারাও দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানান। এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।
বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কোনও সমালোচনা বা অসন্তোষ দল বরদাস্ত করবে না। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে গঠন করা হয়েছে বিশেষ 'শৃঙ্খলারক্ষা কমিটি'। জানা গিয়েছে, আগামী দিনে সংগঠনের দায়িত্বে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাবে অভিষেককে। অন্যদিকে, আইনি ও সাংবিধানিক লড়াইয়ের বিষয়গুলি নিজে তদারকি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেকও কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, তিনি দল ছাড়ছেন না এবং আগামীতেও কর্মীদের পাশে থাকবেন। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়েও সরব হন তিনি এবং অভিযোগ জানানোর জন্য অনলাইন ব্যবস্থার ওপর জোর দেন।
সব মিলিয়ে, নির্বাচনী ধাক্কার পর মমতার এই অবস্থান স্পষ্ট করে দিল-দলের ভবিষ্যৎ নেতৃত্বে এখনও তাঁর সবচেয়ে বড় ভরসার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din