Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ

১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ

ক্ষমতায় আসার পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে (Shayama Prasad Mukherjee Birth Anniversary) সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই স্বাভাবিকভাবেই আজকের দিনটি ঘিরে বিজেপি ও সরকারের নানা অনুষ্ঠান রয়েছে রাজ্যে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বিকেলে ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করবেন। তারপর তিনি যাবেন প্রয়াত নেতার ভবানীপুরের পৈতৃক ভিটেতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ফের যাবেন সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে।

দলের ঘোষিত তিনটি কর্মসূচিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ নেতা ও মন্ত্রীরা। থাকবেন সাংসদদের অনেকেই। বিধানসভাতেও অনুষ্ঠান রাখা হয়েছে। প্রয়াত নেতার স্কুল মিত্র ইনস্টিটিউশন আলোর মালায় সেজে উঠেছে। আশুতোষ মুখার্জি রোডে তাঁর বাড়িও সাজানো হয়েছে। সকাল ১১টায় মুখ্যমন্ত্রী যাবেন মিত্র ইনস্টিটিউশনে। দলের নির্দেশমতো শ্যামাপ্রসাদ স্মরণে প্রতি জেলায় শ্রদ্ধার্ঘ্য ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এদিকে ভারতীয় মজদুর সংঘ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের সংগঠনও বেশ কিছু অনুষ্ঠান হবে।

সব মিলিয়ে দেশভাগের সময় বর্তমান পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে জুড়ে দেওয়া আটকাতে তাঁর ভূমিকাকে জনতার চর্চায় আনতে চায় দল। এরই মাঝে আবার উত্তর কলকাতায় ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তির বেদির নিচের অংশ। নামের ফলক ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে মূর্তির সামনেই। সুকিয়া স্ট্রিট এলাকার ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত রূপেশ হাজরা, নারকেলডাঙা এলাকার ওয়ার্ডস ইনস্টিটিউশন স্ট্রিটের বাসিন্দা। আগামী ৯ জুলাই পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin