Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

বিয়ের আগে মেয়েদের সম্পত্তি সুরক্ষার বার্তা, বিচ্ছেদ মামলার মাঝে 'প্রিনাপ' টিপস সেলিনার

২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে বৈবাহিকবন্ধনে বাঁধা পড়েন অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitly)। দীর্ঘ দেড় দশকের দাম্পত্যে চিড়। স্বামী-স্ত্রী পরস্পরের বিরুদ্ধে খাঁড়া করেছেন একাধিক অভিযোগ। সম্প্রতি দেশে ফিরেছেন সেলিনা। ছ’বছরের বিরতি কাটিয়ে রামকমল মুখোপাধ্যায়ের ছবিতে ভগিনী নিবেদিতার চরিত্রে বড় পর্দায় প্রত্যাবর্তন।

একদিকে আনন্দ তো অন্যদিকে সমস্যায় জর্জরিত সেলিনা। বিদেশে তাঁর সন্তান, সম্পত্তি নিয়ে স্বামীর সঙ্গে তৈরি হয়েছে আইনি জটিলতা। ব্যক্তিগতজীবনের অভিজ্ঞতা ভাগ করে প্রতিটি মহিলার উদ্দেশে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন অভিনেত্রী।

বিয়ের আগে প্রত্যেকটি মেয়ের ‘প্রিনাপচুয়াল অ্যাগ্রিমেন্ট’ তথা ‘প্রিনাপ’-এ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ‘ভুক্তভোগী’ সেলিনা জেটলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেলিনা নারীদের আর্থিক স্বাধীনতার গুরুত্ব নিয়ে মুখ খুলেছেন। যাঁদের নিজস্ব উপার্জনে অর্জিত সম্পদ রয়েছে তাঁদের বিয়ের আগে প্রিনাপচুয়াল অ্যাগ্রিমেন্ট বা প্রিনাপ করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

 সেলিনার টিপস

সেলিনার মতে, একটি সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস ও একসঙ্গে ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়। কিন্তু, যখন তিক্ততা তৈরি হয় তখন সেই মধুর সম্পর্কেরই দাঁত-নখ বেরিয়ে আসে। তৈরি হয় আর্থিক জটিলতা। পিটার হগের সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা চলাকালীন সেলিনার এই মন্তব্য ঝড়ের বেগে ভাইরাল।

 সেলিনার লড়াই

তাঁর কথায়, “যেসব মেয়েদের নিজস্ব সম্পত্তি আছে তাঁদের বলব দয়া করে বিয়ের আগে একটি প্রিনাপ করুন। নিজের সম্পদ সবসময় আলাদা করে সুরক্ষিত রাখুন। কারণ শেষ পর্যন্ত এই সম্পত্তি ঘিরেই বিবাদ জটিল আকার ধারণ করে। ভালোবাসা, যত্ন, একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, সন্তান, জন্ম-মৃত্যু সবকিছু সম্পত্তির কাছে হেরে যায়। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। তাই বিয়ের আগেই আর্থিক বিষয়গুলো স্পষ্ট করে নেওয়া দরকার যাতে ভবিষ্যতে অপ্রয়োজনীয় বিরোধ এড়াতে সম্ভব হয়।”

 সিনেপর্দায় সেলিনার গ্র্যান্ড কামব্যাক

প্রিনাপচুয়াল অ্যাগ্রিমেন্ট বা প্রিনাপ কী?

বিয়ের আগে স্বামী-স্ত্রীর মধ্যে স্বাক্ষরিত একটি আইনি চুক্তি। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তি ও আর্থিক দায়িত্ব কীভাবে ভাগ হবে তা আগেই নির্ধারিত হয়ে যায়। এছাড়া, বিয়ের আগে ব্যক্তিগতভাবে অর্জিত সম্পদও এই চুক্তির মাধ্যমে সুরক্ষিত রাখা সম্ভব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin