Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'কে কোথায় চিকিৎসা করবে তাঁর ইচ্ছা'! পাশে দাঁড়িয়েও 'পয়সাওয়ালা খোকাবাবু' অভিষেককে বিঁধলেন অধীর

'কে কোথায় চিকিৎসা করবে তাঁর ইচ্ছা'! পাশে দাঁড়িয়েও 'পয়সাওয়ালা খোকাবাবু' অভিষেককে বিঁধলেন অধীর

চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এই ইস্যুতে অভিষেকের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, 'কে কোথায় চিকিৎসা করাবে তা আদালত ঠিক করে দিতে পারে না।

আমি আদালতকে সম্মান জানিয়েই বলছি।’ তবে পাশে দাঁড়ালেও অভিষেককে ‘পয়সাওয়ালা’ ও ‘খোকাবাবু’ বলে খোঁচা দেন তিনি।

অধীর জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের মানুষ সব বিক্রি করে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে। বাংলায় চিকিৎসার পরিকাঠামো, ডাক্তার নেই। এরপর তিনি বলেন, “তৃণমূলের খোকাবাবুর পয়সার অভাব নেই। তিনি আমেরিকাতে গিয়েও চিকিৎসা করাতে পারেন আবার আমেরিকা থেকে ভাড়া করে ডাক্তারও নিয়ে আসতে পারে। এটা তাঁর স্বাধীনতা।”

এনসিপিআই ও বিদ্রোহী তৃণমূল শিবির ‘চোরদের নিয়ে তৈরি’ হয়েছে বলে কটাক্ষ করেন অধীর। তাঁর প্রশ্ন, আর কতদিন তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা হবে? বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা প্রয়োজন। মানুষের দাবি পূরণ না হলে কংগ্রেস আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অধীরের কথায়, “অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়া হবে বলা হয়েছিল। এখন ১৩ পাতার শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো নিয়ে আলোচনা হোক। চোরদের নিয়ে আবার এনসিপিআই পার্টি তৈরি হয়ে গেল, বিদ্রোহী পার্টি তৈরি হয়ে গেল। মদত কে দিচ্ছি! একই যাত্রায় পৃথক ফল কেন? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপির সঙ্গ দিলে সাত খুন মাফ হয়ে যাচ্ছে।” এনসিপিআই ও বিদ্রোহী তৃণমূল শিবিরকে একহাত নিয়ে অভিষেকের পাশে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, আজ কলকাতা হাই কোর্টে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় অনুমতি দিল না হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেবে মেডিক্যাল বোর্ড। এই নিয়েই অধীর চৌধুরী তৃণমূল নেতা অভিষেকের পাশে দাঁড়ান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin