Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাতৃহারা অজিতের বাড়িতে একসঙ্গে বিজয়-তৃষা, ভিডিও দেখে অনুরাগীদের প্রশ্ন, এবার কি বিয়ে?

মাতৃহারা অজিতের বাড়িতে একসঙ্গে বিজয়-তৃষা, ভিডিও দেখে অনুরাগীদের প্রশ্ন, এবার কি বিয়ে?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরুর সঙ্গে জোরাল হয়েছে থলপতি বিজয়ের প্রেমচর্চাও। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মুহূর্ত থেকে বিজয়ের সঙ্গে বিভিন্ন সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ছেন 'প্রেমিকা' তৃষা কৃষ্ণণ। এবার দক্ষিণী অভিনেতা অজিত কুমারের বাড়িতে একসঙ্গে বিজয়-তৃষা।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, তামিল অভিনেতা অজিতের বাড়িতে যুগলে প্রবেশ করছেন। সদ্যই মাতৃহারা হয়েছেন অজিত। জীবনের এই কঠিন সময়ে সতীর্থর পাশে থাকতেই তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিলেন থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণণ। অজিতকে সমবেদনা জানানোর মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়।

কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয় অজিতের বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। আবার কিছু ভিডিওতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তৃষার শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত ভাইরাল নেটভুবনে। কড়া নিরাপত্তার বলয়ে অজিতের বাসভবনে পৌঁছান বিজয়। গাড়ি থেকে নামার পর অজিতকে আলিঙ্গন করেন এবং পরে বাড়ির ভিতরে ঢুকে পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। অন্যদিকে, তৃষার পরনে ছিল কালো রঙের ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ। তবে তাঁরা একসঙ্গে এসেছিলেন নাকি আলাদা আলাদাভাবে সেটা অবশ্য স্পষ্ট নয়। কয়েকটি ভিডিও দেখে প্রাথমিক অনুমান বিজয়ের কয়েক মিনিট আগে অজিতের বাড়িতে এসেছিলেন তৃষা।

কারণ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে আলাদা গাড়িতে অভিনেতার বাড়িতে এসে পৌঁছেছেন বিজয় ও তৃষা। প্রসহ্গত, মায়ের মৃত্যুর পর শনিবার দুবাই থেকে চেন্নাইয়ে ফিরে আসেন অজিত কুমার। এরপরই চলচ্চিত্র জগত ও রাজনৈতিক মহলের বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর বাসভবনে গিয়ে সমবেদনা জানান। অজিত কুমারের মা শনিবার সকালে চেন্নাইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ শারীরিক অসুস্থতার পর ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক আবেগঘন বিবৃতিতে বলা হয়, 'আমাদের মা মোহিনী মণি আজ ভোরে ঘুমের মধ্যেই দীর্ঘদিনের অসুস্থতার পর শান্তিপূর্ণভাবে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গত কয়েক বছর মা এবং আমাদের পরিবারকে যে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সহায়তা করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।' পরিবারের তরফে আরও জানানো হয়েছে শেষকৃত্য সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin