দক্ষিণ আমেরিকার পেরুতে ভয়ংকর দুর্ঘটনা। ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাটলট-সহ অন্তত ১৩ জনের। নিহতরা পর্যটক ছিলেন। জানা যাচ্ছে, বিমানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'নাজকা লাইনস'-এর উদ্দেশে রওনা দিয়েছিল।
এরপরই উড়ানটি দুর্ঘটনার কবলে পড়ে।
পেরুর নাজকা প্রদেশের প্রশাসনের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি ছিল একটি টুরিস্ট বিমান। স্থানীয় সময় শনিবার এটি পিসকো বিমানবন্দর থেকে টেকঅফ করে। গন্তব্য ছিল ‘নাজকা লাইনস’। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা যায়, পুয়েবলো ভিয়েখো এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সেখানেই বিমানটির ধ্বংসস্তূপ উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। কিন্তু দুর্ঘটনায় দুই পাইলট-সহ সকল যাত্রীর মৃত্যু হয়।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নাজকা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পর্যটকদের নিয়ে 'নাজকা লাইনস' পরিদর্শনের ফ্লাইটে বেরিয়েছিল। শত শত বছর আগে পেরুর আদিবাসীরা মরুভূমির বুকে বিশাল সব নকশা বা 'জিওগ্লিফ' খোদাই করে এই নাজকা লাইনস তৈরি করেছিলেন। এই রেখাগুলোর মাধ্যমে বিভিন্ন প্রাণীর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যা কেবল বিমান বা পর্যবেক্ষণ টাওয়ার থেকেই পূর্ণাঙ্গভাবে দেখা ও বোঝা সম্ভব।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

