ওয়েব ডেস্ক; ২১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২১শে জুন কলকাতার ঐতিহাসিক রেড রোডে ''Yoga for Healthy Ageing' এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৬ উদযাপিত হয়।
এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে ২১শে জুন মেট্রো রেলে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
এই উপলক্ষে আজ সকালে মেট্রো রেল ভবনে সমস্ত প্রধান বিভাগীয় প্রধান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা ভিডিও লিঙ্কের মাধ্যমে দেশের বাকি অংশের সাথে একটি যোগ অধিবেশনে অংশগ্রহণ করেন। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেন। তিনি সবাইকে সুস্থ ও সবল থাকার জন্য যোগাভ্যাস করতে উৎসাহিত করেন।
আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য আজ সকালে তপন সিনহা মেমোরিয়াল হাসপাতাল, ব্লু লাইনের মহানায়ক উত্তম কুমার স্টেশন, এসপ্ল্যানেড স্টেশন, গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক ডিপোতেও যোগ অধিবেশন অনুষ্ঠিত হয়। রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং মেট্রো রেলের কর্মকর্তা ও কর্মচারীরা এই যোগ অধিবেশনগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সুস্থ জীবন বজায় রাখতে এবং একতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নোয়াপাড়া কারশেডের কর্মকর্তা ও কর্মচারীরাও সেখানে যোগ সেশনের আয়োজন করে যথাযথভাবে দিনটি পালন করেন।

