Dailyhunt

সাধারণ নির্বাচন ও উপনির্বাচন ২০২৬: ভোটগ্রহণের দিনে সবেতন ছুটি

য়েব ডেস্ক; ৪ এপ্রিল : নির্বাচন কমিশন গত ১৫ মার্চ আসাম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভাগুলির সাধারণ নির্বাচন এবং গোয়া, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার ৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

নিচে প্রদত্ত সময়সূচি অনুযায়ী এই রাজ্যগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে: আসাম, কেরল, পুদুচেরি, গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ০৯.০৪.২০২৬ তারিখে ভোট নেওয়া হবে।

তামিলনাড়ু, গুজরাট এবং মহারাষ্ট্রে ভোট গ্রহণ হবে ২৩.০৪.২০২৬ তারিখে।

পশ্চিমবঙ্গে ২৩.০৪.২০২৬ তারিখে প্রথম দফায় এবং ২৯.০৪.২০২৬ তারিখে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে।

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১৩৫বি অনুযায়ী, কোনো ব্যবসা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থায় কর্মরত এবং লোকসভা বা কোনো রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচনে কিংবা কোনো সংসদীয়/বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভোটদানের অধিকারী প্রত্যেক ব্যক্তিকে ভোটগ্রহণের দিন সবেতন ছুটি প্রদান করতে হবে।

কোনো নিয়োগকর্তা এই বিধি লঙ্ঘন করলে তার জরিমানা করা হবে। সমস্ত দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত এবং অস্থায়ী কর্মীরাও ভোটগ্রহণের দিন সবেতন ছুটি পাওয়ার অধিকারী।

কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, যেসব ভোটার (অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত কর্মীসহ) তাঁদের নিজস্ব নির্বাচনী এলাকার বাইরে অবস্থিত কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন, কিন্তু যে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ হতে চলেছে সেখানে ভোটার হিসেবে নিবন্ধিত, তাঁরাও ভোটগ্রহণের দিন সবেতন ছুটির সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

কমিশন সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এসম্পর্কে প্রয়োজনীয় নির্দেশাবলী জারি করার নির্দেশ দিয়েছে। সমস্ত ভোটার যাতে স্বাধীনভাবে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori