ওয়েব ডেস্ক; ২৫ জুন : ইস্পাত মন্ত্রকের রাষ্ট্রায়ত্ব সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মহারত্ন সংস্থাটি নজরদারির কাজে পারদর্শী দ্রুতগামী রণতরী আইএনএস দুনাগিরি, সাবমেরিন প্রতিরোধী জাহাজ আইএনএস অগ্রয় এবং সমীক্ষার কাজে পারদর্শী আইএনএস সংশোধক তৈরির জন্য ৫,৭০০ টন উন্নত মানের ইস্পাত সরবরাহ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে আনুষ্ঠানিকভাবে এই তিনটি জাহাজকে জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।
সেইল ডিএমআর ২৪৯-এ গুণমানসম্পন্ন ইস্পাতের তৈরি বিশেষ প্লেট নৌবাহিনীকে সরবরাহ করেছে। বোকারো, ভিলাই, রৌরকেল্লা, স্টিল প্ল্যান্টে এই বিশেষ ধরনের ইস্পাত তৈরি হয়েছে। সেইল আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে নৌবাহিনীকে বিভিন্ন সময়ে উন্নতমানের ইস্পাত সরবরাহ করে থাকে। আইএনএস বিক্রান্ত, আইএনএস নীলগিরি, আইএনএস হিমগিরি, আইএনএস উদয়গিরি, আইএনএস অজয় এবং আইএনএস নিস্তারের মতো রণতরী তৈরির কাজেও সেইল-এর ইস্পাত সহায়ক হয়েছে।

