কলকাতা; ২ অক্টোবর: ২৭ সেপ্টেম্বর ঘটনার পর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এসআরএফটিআই দেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসেন।
চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষার ক্ষেত্রে উৎকর্ষের উচ্চ মানদণ্ড বরাবরই বজায় রেখেছে প্রতিষ্ঠানটি ও এর শিক্ষার্থীরা। চলচ্চিত্র শিক্ষার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এসআরএফটিআই প্রতিশ্রুতিবদ্ধ।
এসআরএফটিআই-এর উপাচার্য সন্তোষ আজমেরা বলেন, শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু এবং তাঁদের নিরাপত্তা, মর্যাদা, সার্বিক কল্যাণ ও শিক্ষাজীবন সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে হিংসার কোনও যুক্তি থাকতে পারে না। শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক কল্যাণ সুনিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দেন।
প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার করতে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি সংযম বজায় রাখার এবং যাচাই না-করা তথ্য, ভিডিও বা জল্পনা-কল্পনার ওপর নির্ভর না করার আবেদন জানিয়েছেন। এ ধরনের তথ্য অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করছে। এখন মূল লক্ষ্য হল সামনে এগিয়ে যাওয়া এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশে শিক্ষার্থীদের পুনরায় শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষামূলক কার্যক্রম ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
এসআরএফটিআই সোসাইটির সভাপতি, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মী এবং সমগ্র এসআরএফটিআই পরিবারের সহযোগিতা ও বোঝাপড়ার জন্য উপাচার্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসআরএফটিআই এমন একটি নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে শিক্ষা গ্রহণ, সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নিজের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারেন।
সূত্র: পি আই বি
