নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডাবচা রেলগেটে একটি স্থায়ী উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে সরব স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুর-আদ্রা রেলপথের অত্যন্ত ব্যস্ত এই লেভেল ক্রসিংয়ের কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।
যদিও বিধানসভা নির্বাচনের আগে এটি নির্মাণের আশ্বাস দিয়েছিল বিজেপি। কিন্তু ভোট মিটতেই বিজেপি ব্যস্ত তোলাবাজি আর দলীয় কার্যালয় উদ্বোধনে অন্তত এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের আরও পর্যবেক্ষণ ঝাঁটা নিয়ে হাসপাতালে রাস্তাঘাটে ঝাঁট দেওয়ার পর ছবি তুলে ফেসবুকে আপলোড ছাড়া কাজ করার মত মানসিকতা নেই বিধায়কেরও।
এদিকে এই রেল গেটটিতে ঘন ঘন ট্রেন চলাচলের ফলে দিনের সিংহভাগ সময় গেট বন্ধ থাকায় এই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই উড়ালপুলটি নির্মিত হলে সমগ্র ব্লকের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক বদল আসবে। এর ফলে যেমন ব্লকের সিংহভাগ পূর্বদিকের গ্রামের বাসিন্দাদের ব্লক অফিস, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস সহ শহরের মূল বাণিজ্যিক অংশে আসতে সুবিধা হবে, তেমনি পশ্চিম দিকের এলাকার সাথেও জুড়ে যাবে ব্লকের একটি বড় অংশ। যার জেরে ব্লকের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতাল ও ডিগ্রি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে আপদকালীন সময়ে সহজেই যাতায়াত করা সম্ভব হবে।
ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা-সকলেরই স্পষ্ট দাবি, নিত্যদিনের এই যানজট ও দুর্ভোগের স্থায়ী সমাধানে প্রশাসন অবিলম্বে উড়ালপুল নির্মাণের সদিচ্ছা দেখাক। দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চন্দ্রকোনা রোড বাসী।

