পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড ও গোয়ালতোড় এলাকায় পৃথক পথদুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকায় শনিবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত মহিলার নাম সাইমা খান (৩১)। তিনি গড়বেতার বগরিডিহি এলাকার বাসিন্দা। জানা গেছে, স্কুটিতে করে চন্দ্রকোনারোড থেকে গড়বেতার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
অন্যদিকে, গোয়ালতোড় থানার পাথরপাড়া বনকাটি এলাকায় আরও একটি দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম আকাশ মজুমদার (১৮)। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ উভয় ঘটনাতেই তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

