ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়া দুই পেঁচার ছানা উদ্ধার, বনদপ্তরের হাতে তুলে দিলেন গৃহবধূ
মলয় দে: নদীয়ার শান্তিপুরের ঢাকা পাড়ায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গৃহবধূ পম্পা রক্ষিত মিত্র। সোমবার সন্ধ্যায় বাড়ির আশপাশে কুকুরের অস্বাভাবিক চিৎকারে সন্দেহ হয় তাঁর। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পেঁচার বাচ্চা গাছের নিচে পড়ে রয়েছে।
আশেপাশে খুঁজেও মা পেঁচাকে না পেয়ে ছানাটিকে বাড়িতে নিয়ে এসে সযত্নে পরিচর্যা শুরু করেন তিনি।
এরপর মঙ্গলবার আবারও ঝড়ের দাপটে একইভাবে আরও একটি পেঁচার বাচ্চা পড়ে যায়। দুটি ছানাই নারকেল গাছের উপর থেকে পড়ে এসেছে বলে অনুমান করা হয়। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় সেখানে ওঠা সম্ভব না হওয়ায়, পম্পা দেবী বাড়ির ছাদে বাচ্চা দুটিকে রেখে দেন, যাতে মা পেঁচার নজরে পড়ে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মা পেঁচাকে দেখা যায়নি।
প্রায় ১০ থেকে ১৫ দিন বয়সী ছানা দুটি সুস্থ থাকলেও তাদের নিরাপত্তার কথা ভেবে অবশেষে তৃতীয় দিনে বনদপ্তরের হাতে তুলে দেন পম্পা রক্ষিত মিত্র। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীরাও প্রশংসা করেছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ছানা দুটির যথাযথ পরিচর্যা করে পরে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

