নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ২,সেপ্টেম্বর :: খাবারের গুণমান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে ঘাটালে অভিযান চালাল ফুড সেফটি দফতর। বুধবার ঘাটাল শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও বিরিয়ানি দোকানে হানা দিয়ে খাবারের মান ও দোকানের পরিবেশ পরিদর্শন করেন ফুড সেফটি অফিসারেরা।
অভিযানের সময় দোকানগুলির মালিকদের খাবার তৈরির জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। খাবার সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও প্রয়োজনীয় নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর অভিযানের দল ঘাটালের একটি সর্ষের তেল তৈরির কারখানা এবং খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলা-হলুদ, লঙ্কা, জিরা গোডাউনে পৌঁছয়। সেখানে মশলা ও তেলের গুণমান খতিয়ে দেখে বিভিন্ন সামগ্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে যান ফুড সেফটি দফতরের আধিকারিকেরা।
অভিযানে ফুড সেফটি অফিসারদের সঙ্গে ছিলেন ঘাটাল সার্কেলের ইন্সপেক্টর অফ পুলিশ সরফরাজ আলম সহ পুলিশকর্মীরা। খাবারের গুণমান বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের অভিযান বলে জানান ফুড সেফটি আধিকারিক লিপি মিদ্যা।

