Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মতপার্থক্য

য়াশিংটন/মস্কো, ৮ জুলাই (হি.স.): তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। তুরস্ককে এফ-৩৫ না দেওয়ার জন্য নেতানিয়াহুর অনুরোধে সায় না দিয়ে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

জানা গেছে , আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাঁর কোনও উদ্বেগ নেই। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান-এর প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে তুরস্ক আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

এর আগে নেতানিয়াহু মার্কিন প্রশাসনের কাছে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বা তার ইঞ্জিন সরবরাহ না করার আবেদন জানান। তাঁর দাবি, এতে পশ্চিম এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হবে এবং ইজরায়েলের আকাশপথে কৌশলগত সুবিধা ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এরদোয়ান প্রকাশ্যে বারবার ইজরায়েলবিরোধী মন্তব্য করে থাকেন।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময়ও নেতানিয়াহু তুরস্ককে এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত না করার পক্ষে সওয়াল করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে তুরস্ককে এফ-৩৫ প্রকল্প থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। তবে গত বছর আঙ্কারা আবারও এফ-৩৫ কেনার আগ্রহ প্রকাশ করে এবং জানায়, এস-৪০০ ব্যবস্থা তাদের কাছেই থাকবে।

দীর্ঘদিন ধরেই তুরস্ক ও ইজরায়েলের সম্পর্ক টানাপোড়েনের। গাজা ও লেবাননে ইজরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন এরদোয়ান। অন্যদিকে নেতানিয়াহু অভিযোগ করেছেন, তুরস্কই পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়াচ্ছে।

এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নেতানিয়াহুর বিরুদ্ধে দেশের ভূমিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে। মন্ত্রণালয়ের দাবি, আন্তর্জাতিক সমালোচনা থেকে নজর ঘোরাতেই ইজরায়েলি নেতৃত্ব পরিকল্পিত প্রচার চালাচ্ছে।

আরও জানা গেছে , সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও কিছুটা শীতলতা দেখা গেছে। বিশেষ করে লেবাননে ইজরায়েলের ধারাবাহিক বিমান হামলা নিয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন এবং টেলিফোনে নেতানিয়াহুকে হামলা বন্ধ করার আবেদন জানান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika