স্মার্ট ক্যামেরা, স্মার্ট টিভি, ভিডিও ডোরবেল কিংবা ঘরের অটোমেশন সিস্টেম- বর্তমানে আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটে যুক্ত এই ডিভাইসগুলি, যাকে প্রযুক্তিবিদরা বলছেন 'ইন্টারনেট অফ থিংস' বা IoT। দৈনন্দিন জীবনকে সহজ করলেও, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ডিভাইসগুলিই এখন হ্যাকারদের অন্যতম প্রধান 'টার্গেট'।
কেন ঝুঁকির মুখে আপনার স্মার্ট ডিভাইস?
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি সংস্থাগুলি ডিভাইস বাজারে আনার সময় নিরাপত্তার চেয়ে দ্রুততার ওপর বেশি জোর দেয়। ফলে অধিকাংশ ডিভাইসেই দীর্ঘমেয়াদী সিকিউরিটি আপডেট বা শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার অভাব থাকে। নিয়মিত আপডেট না হওয়ার ফলে পুরনো সফটওয়্যার হ্যাকারদের জন্য পথ প্রশস্ত করে দেয়। এছাড়া, অনেক নির্মাতা নির্দিষ্ট সময় পর সাপোর্ট বন্ধ করে দিলেও ব্যবহারকারীরা সেই পুরনো ডিভাইস ব্যবহার চালিয়ে যান, যা সাইবার অপরাধীদের কাজ আরও সহজ করে দেয়।
ঝুঁকি কেবল বাড়িতেই নয়, অফিসেও
স্মার্ট ডিভাইসের ব্যবহার এখন আর শুধু বাড়ির ড্রয়িংরুমে সীমাবদ্ধ নেই। অফিস, প্রিন্টার, রাউটার এবং পাবলিক সেন্সর নেটওয়ার্কেও IoT-এর ব্যবহার দ্রুত বাড়ছে। যত বেশি ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হচ্ছে, আক্রমণের ক্ষেত্র বা 'অ্যাটাক সারফেস' ততটাই বড় হচ্ছে।
নিরাপদ থাকতে বিশেষজ্ঞদের ৬টি জরুরি পরামর্শ:
১. আপডেট নীতি যাচাই করুন: ডিভাইস কেনার আগেই দেখে নিন নির্মাতা সংস্থা কতদিন পর্যন্ত নিয়মিত সিকিউরিটি আপডেট দেবে।
২. পাসওয়ার্ড বদলান: ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করবেন না, বরং সবসময় শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড সেট করুন।
৩. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA): সম্ভাব্য সব ক্ষেত্রে MFA বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন।
৪. সফটওয়্যার আপডেট: নিয়মিত সফটওয়্যার আপডেট চেক করুন এবং ডিভাইসের ফার্মওয়্যার আপ-টু-ডেট রাখুন।
৫. আলাদা নেটওয়ার্ক: বাড়ির প্রধান ওয়াইফাইয়ের বদলে IoT ডিভাইসগুলোকে আলাদা একটি নেটওয়ার্কে যুক্ত রাখা বুদ্ধিমানের কাজ।
৬. অপ্রয়োজনীয় ডিভাইস বন্ধ রাখুন: যখন প্রয়োজন নেই, তখন ডিভাইসগুলি বন্ধ রাখুন।
The post বাড়ির স্মার্ট ক্যামেরা বা রাউটার হ্যাক হচ্ছে না তো? IoT ডিভাইসের ভয়াবহ বিপদ থেকে বাঁচবেন কীভাবে? first appeared on News.

