Dailyhunt
'বাংলার দিকে চোখ তুললে পাকিস্তান কয় টুকরো হবে ভগবান জানেন', খাজা আসিফকে চরম হুঁশিয়ারি রাজনাথের!

'বাংলার দিকে চোখ তুললে পাকিস্তান কয় টুকরো হবে ভগবান জানেন', খাজা আসিফকে চরম হুঁশিয়ারি রাজনাথের!

Tech Infomatrix 1 week ago

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের 'কলকাতা'য় আঘাত হানার হুমকির পাল্টা হিসেবে চরম হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যারাকপুরের এক জনসভা থেকে তিনি পাকিস্তানকে সাফ জানিয়ে দিলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বা বাংলার দিকে নজর দিলে পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়বে।

রাজনাথ সিং মনে করিয়ে দেন, ১৯৭১ সালে ভারতের হস্তক্ষেপেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। এবার যদি তারা নতুন করে কোনো দুঃসাহস দেখায়, তবে পাকিস্তানের ভবিষ্যৎ যে আরও অন্ধকার, তা স্পষ্ট করে দেন তিনি।

সম্প্রতি শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছিলেন, "ভারত যদি আবার কোনো 'ফলস ফ্ল্যাগ' অপারেশন করার চেষ্টা করে, তবে আমরা সেই লড়াই এবার সরাসরি কলকাতায় নিয়ে যাব।" এই উস্কানিমূলক বক্তব্যের পরই ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনাথ সিং এই মন্তব্যকে 'প্ররোচনামূলক' আখ্যা দিয়ে বলেন, "পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত হয়নি। ৫৫ বছর আগে তাঁরা যখন দেশ ভাগ হতে দেখেছিলেন, তখন তার পরিণতি ভোগ করেছিলেন। এবার যদি তাঁরা বাংলার দিকে চোখ তোলেন, তবে পাকিস্তান এবার কত ভাগে বিভক্ত হবে, তা শুধু ভগবানই জানেন।"

প্রতিরক্ষা মন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন গত বছরের 'অপারেশন সিঁদুর'-এর কথা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারত যে প্রত্যাঘাত চালিয়েছিল, তাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো তছনছ হয়ে গিয়েছিল। রাজনাথের দাবি, সেই অভিযানে মাত্র ২২ মিনিটেই পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "পাকিস্তান যদি আবার কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, তবে ভারতীয় সেনাবাহিনী এমন জবাব দেবে যা তারা ইতিহাসেও কোনোদিন ভুলতে পারবে না।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix