Dailyhunt
ভোটের ফল আসার আগেই 'বোমা' মগরাহাটে! মাঝপথে হাত ছেড়ে ঘাসফুলে কংগ্রেস প্রার্থী, তোলপাড় রাজ্য রাজনীতি

ভোটের ফল আসার আগেই 'বোমা' মগরাহাটে! মাঝপথে হাত ছেড়ে ঘাসফুলে কংগ্রেস প্রার্থী, তোলপাড় রাজ্য রাজনীতি

Tech Infomatrix 1 week ago

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিন্তু ইভিএম খোলার আগেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মগরাহাট পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবদুল মাজিদ হালদার ভোটের ফল প্রকাশের আগেই শিবির বদলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। গণনার আগে প্রার্থীর এই 'ডিগবাজি' ঘিরে সরগরম বাংলার রাজনৈতিক মহল।

প্রতিদ্বন্দ্বীর হাত ধরেই দলবদল!

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদের হাত ধরেই শাসকদলে নাম লিখিয়েছেন কংগ্রেস প্রার্থী মাজিদ হালদার। উল্লেখ্য, শামীম আহমেদ নিজেও একসময় কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। এবার নিজের প্রাক্তন দলের প্রার্থীকেই নিজের শিবিরে টেনে নিয়ে কার্যত 'চমক' দিলেন তিনি। তবে লড়াইয়ের ময়দানে থাকা একজন প্রার্থী ফল ঘোষণার আগেই কীভাবে দলবদল করেন, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

'গণতন্ত্রের ওপর আঘাত', ক্ষুব্ধ শুভঙ্কর সরকার

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সাফ কথা, "এটি সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। কংগ্রেসের প্রতীকে লড়াই করে এবং দলের খরচে প্রচার চালিয়ে এভাবে মাঝপথে দলবদল করা গুরুতর অপরাধ।" তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, ফল ঘোষণার পর রাজ্যে 'ঘোড়া কেনাবেচা'র রাজনীতি আরও বাড়তে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস নেতৃত্ব। যদিও কমিশনের পক্ষ থেকে এখনও কোনও সদর্থক পদক্ষেপ মেলেনি বলে দাবি তাঁদের।

নালিশ ও অভিযোগের পাহাড়

শুধু দলবদল নয়, নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েও নির্বাচন কমিশনের কাছে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। কালীঘাট থানার ওসির বারবার বদলি, স্ট্রং রুম ঘিরে উত্তেজনা এবং বুথে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলেছেন শুভঙ্কর সরকার। তাঁর মতে, এবারের নির্বাচন প্রক্রিয়ার কিছু ঘটনা অত্যন্ত 'লজ্জাজনক'।

অস্বস্তিতে কংগ্রেস শিবির

মগরাহাটের এই ঘটনার পাশাপাশি এআইসিসি নেতা গুলাম আহমেদ মীরের একটি মন্তব্য কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। মীর ইঙ্গিত দিয়েছেন, বাংলায় তৃণমূলই ক্ষমতায় ফিরতে পারে। যেখানে কংগ্রেস এবার এককভাবে লড়াইয়ের পথে হেঁটেছে, সেখানে দলের শীর্ষ নেতার এমন মন্তব্য এবং প্রার্থীর দলবদল- দুইয়ে মিলে গণনার আগের দিন কার্যত কোণঠাসা হাত শিবির।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix