Dailyhunt
ভোটের রেজাল্টের আগে হাইভোল্টেজ বৈঠক! সব এজেন্টকে এক সুতোয় বাঁধতে কাল ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

ভোটের রেজাল্টের আগে হাইভোল্টেজ বৈঠক! সব এজেন্টকে এক সুতোয় বাঁধতে কাল ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

Tech Infomatrix 2 weeks ago

রাজ্যে বিধানসভা নির্বাচনের মেগা লড়াই শেষ। এখন কেবল আগামী ৪ মে-র অপেক্ষা। তবে তার আগেই তৃণমূল শিবিরের তৎপরতা তুঙ্গে। ভোট গণনার দিন যাতে এক চুলও জমি না ছাড়ে বিরোধীরা, তার জন্য দলের কাউন্টিং এজেন্টদের বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল অর্থাৎ শনিবার ঠিক বিকেল ৪টের সময় এক ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। এই বৈঠকে ২৯১টি আসনের সমস্ত কাউন্টিং এজেন্ট এবং দলীয় প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, গণনাকেন্দ্রে কীভাবে 'মাটি কামড়ে' পড়ে থেকে শেষ পর্যন্ত লড়াই চালাতে হয় এবং ইভিএম গণনা থেকে শুরু করে পোস্টাল ব্যালট পর্যন্ত কোন কোন বিষয়ে সজাগ থাকতে হবে- সেই 'মাস্টার ক্লাস' নেবেন খোদ অভিষেক।

কেন এই বৈঠক? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবার কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। গণনাকেন্দ্রে অনেক সময় বিরোধীদের চাপে বা টেকনিক্যাল জটিলতায় এজেন্টরা বিভ্রান্ত হন। সেই বিভ্রান্তি কাটিয়ে কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত দলের স্বার্থ রক্ষা করতে হবে, মূলত সেই লক্ষ্যেই এই কড়া রণকৌশল তৈরি করেছেন অভিষেক।

কী থাকছে এই 'ক্লাসে'? সূত্রের খবর, শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্টদের স্পষ্ট করে দেবেন যে, চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না। কোনো অসঙ্গতি চোখে পড়লে কীভাবে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং আইনি পথে এগোতে হবে, তার নির্দেশিকাও দেওয়া হবে এই বৈঠক থেকে।

গণনার দিন তাপমাত্রা যেমন চড়বে, তেমনই রাজনীতির ময়দানেও পারদ এখন ঊর্ধ্বমুখী। এখন দেখার, অভিষেকের এই 'স্পেশাল ক্লাস' গণনার দিন তৃণমূল শিবিরে কতটা অক্সিজেনের কাজ করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix