Dailyhunt
ইডেনের উল্টোদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড! যুবতীর গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

ইডেনের উল্টোদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড! যুবতীর গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

Tech Infomatrix 6 days ago

লকাতার হৃদপিণ্ড ময়দান এলাকা সাক্ষী থাকল এক হাড়হিম করা নৃশংসতার। ব্যক্তিগত বিবাদের জেরে এক যুবতীর গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে ইডেন গার্ডেনসের ঠিক উল্টোদিকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করার পর শনিবার সকালে মৃত্যু হয় ওই যুবতীর। এই ঘটনায় পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ৩ এপ্রিল দুপুরে স্থানীয়রা দেখতে পান এক যুবতী দাউদাউ করে জ্বলছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের প্রায় ৯৮ শতাংশ পুড়ে গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মাঝেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশকে দেওয়া জবানবন্দিতে ওই যুবতী জানান, একটি চটের ব্যাগের দোকানে কাজ করার সময় তাঁর পরিচিত এক ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে। সেই রাগের মাথাতেই ওই ব্যক্তি তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, “মহিলার জবানবন্দির ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। অভিযুক্ত ঘটনাস্থলেই ছিল বলে জানা গিয়েছে।” শনিবার সকালে যুবতীর মৃত্যুর পর এই মামলায় খুনের ধারা যুক্ত করা হয়েছে। অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে দফায় দফায় জেরা করে জানার চেষ্টা চলছে, জনবহুল ওই এলাকায় সে কীভাবে কেরোসিন জোগাড় করল এবং ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ নিল।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলটি ফাঁকা মেলা প্রাঙ্গণ হওয়ায় সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া বেশ কঠিন। তবে আশেপাশের রাস্তার ক্যামেরাগুলি খতিয়ে দেখা হচ্ছে। ময়দান থানায় মৃতের পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে কিছু বয়ানে অসঙ্গতি মেলায় ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুনর্নির্মাণ করার চেষ্টা চলছে। কলকাতার বুকে এমন প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix