বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়াবিদদের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমতে চলেছে। উল্টোদিকে, মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি রবিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়। সোমবার বিকেল নাগাদ এটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এটি উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।
সোমবার কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলেও আকাশ সারাদিনই মেঘলা ছিল। আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল ১০ মিলিমিটারের কম। আবহাওয়া দফতরের ব্যাখ্যা, নিম্নচাপটির অবস্থান ও অভিমুখ ওড়িশার দিকে হওয়ায় বাংলা সেই তুলনায় কিছুটা স্বস্তিতে ছিল। তবে মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে গিয়ে বাতাসে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণের পরিস্থিতি যখন স্বাভাবিক হওয়ার দিকে, তখনই উত্তরবঙ্গে আবহাওয়ার অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সেখানকার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিন উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
তাপমাত্রার চিত্র: সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় আড়াই ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।
The post নিম্নচাপের দাপট কমছে দক্ষিণে, উল্টো পথে উত্তরবঙ্গ! আগামী কয়েক দিন কোথায় ভারী বৃষ্টির সতর্কতা? first appeared on News.

