Dailyhunt
'পাকিস্তান কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিচ্ছে, মোদীবাবু তখন মুখে লিউকোপ্লাস্ট কেন?' আরামবাগে রণংদেহি মমতা

'পাকিস্তান কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিচ্ছে, মোদীবাবু তখন মুখে লিউকোপ্লাস্ট কেন?' আরামবাগে রণংদেহি মমতা

Tech Infomatrix 6 days ago

বানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রচারে ঝোড়ো ব্যাটিং শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন তিনি। জাতীয় সুরক্ষা থেকে শুরু করে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া- একাধিক ইস্যুতে মোদী-শাহ জুটিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পাকিস্তান বিরোধী অভিযানে নামলে তার পাল্টা আঘাত কলকাতা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গ টেনেই এদিন মোদীকে আক্রমণ করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, "বাংলাকে যখন পাকিস্তান দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে থাকেন মোদীবাবু? কেন পাকিস্তান হুমকি দিলেও ভারত চুপ করে রয়েছে?" মমতার দাবি, বিজেপি সরকার বাংলাকে সুরক্ষা দিতে ব্যর্থ।

ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে এদিন ফের সরব হন তিনি। অমিত শাহর নাম না করে 'মোটাভাই' কটাক্ষ করে মমতা বলেন, "মোটাভাই যার বাড়িতে গিয়ে ভাত খেয়েছিলেন, তাঁর নামও ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। কমিশন কেন ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ না দিয়ে তালিকা 'ফ্রিজ' করে দিল? আমি আইনজীবী হিসেবে বলছি, আমরা আবার আদালতে যাব।" তিনি আরও যোগ করেন, "দেশটা চৈত্র সেলের মতো বিক্রি হয়ে যাচ্ছে। তবে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। কয়েক দিন পর বিজেপি এ পাশ, ও পাশ, ধপাস হবে।"

এদিন আরামবাগের কৃষকদের আশ্বস্ত করে মমতা জানান, সরকার মিড-ডে মিল ও আইসিডিএস-এর জন্য সরাসরি আলু কিনছে। এছাড়া রাজ্যের প্রতিটি কাঁচা বাড়ি পাকা করে দেওয়া এবং 'লক্ষ্মীর ভাণ্ডার' সারা জীবন চালু রাখার বড় প্রতিশ্রুতিও দেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix