Dailyhunt
'পিঠে ছুরি খাওয়ার চেয়ে বুকে ছুরি খাওয়া সম্মানের', রাহুল অরুণোদয়ের মৃত্যুতে সিরিয়াল বন্ধ হওয়ায় বিস্ফোরক রাজা

'পিঠে ছুরি খাওয়ার চেয়ে বুকে ছুরি খাওয়া সম্মানের', রাহুল অরুণোদয়ের মৃত্যুতে সিরিয়াল বন্ধ হওয়ায় বিস্ফোরক রাজা

Tech Infomatrix 1 week ago

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে কেন্দ্র করে টলিপাড়ায় এখন চরম অস্থিরতা। সেই ঝড়ের কোপে এবার চিরতরে বন্ধ হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত 'ম্যাজিক মোমেন্টস'-এর সঙ্গে কাজ না করার যে সিদ্ধান্ত টলিপাড়ার সংগঠনগুলি নিয়েছে, তার জেরেই এই চরম পরিণতি।

তবে সিরিয়াল বন্ধ হওয়ায় কয়েকশো কলাকুশলীর ভবিষ্যৎ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেতা রাজা গোস্বামী।

বুধবার সকালে স্ত্রী মধুবনীকে পাশে নিয়ে ফেসবুক লাইভে এসে রাজা বলেন, "সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। কাল রাতে এক সিনিয়র টেকনিশিয়ানের সঙ্গে কথা হল। তিনি জানালেন, তাঁর স্ত্রী তাঁকে বলেছেন দুই মেয়েকে নিয়ে পুরো পরিবার মিলে জীবন শেষ করে দিতে চান। কারণ তাঁদের রোজগার বন্ধ। ওঁর কথা শোনার পর আমি সারারাত ঘুমোতে পারিনি।" রাজা প্রশ্ন তোলেন, রাহুল অরুণোদয়ের মৃত্যু দুঃখজনক, কিন্তু তার জন্য 'চিরসখা'র কী দোষ? কেন জোর করে একটি মেগা সিরিয়াল বন্ধ করে দেওয়া হল?

অভিনেতা স্পষ্ট জানান, অভিনয় না করলে তাঁর বা মধুবনীর আর্থিক সমস্যা হবে না, কিন্তু বহু মানুষের হেঁশেল বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, "আমি যখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলাম, তখনও ভয় ছিল না, আজও নেই। পিঠে ছুরি খাওয়ার থেকে বুকে ছুরি খাওয়া সম্মানের। কিন্তু আমার ছেলে যখন ভবিষ্যতে আমাকে এই বিষয়ে প্রশ্ন করবে, তখন যাতে মাথা উঁচু করে উত্তর দিতে পারি, তাই আজ মুখ খুললাম।"

সুদীপ মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, ভিভান ঘোষ বা শিঞ্জিনী চক্রবর্তীদের মতো জনপ্রিয় অভিনেতারা এই সিরিয়ালে কাজ করতেন। আকস্মিক এই শাটডাউনে স্টুডিও পাড়ায় শোকের ছায়া। টলিপাড়ার সংগঠনগুলির এই 'কঠোর' সিদ্ধান্ত কি সাধারণ টেকনিশিয়ানদের আরও বিপদে ঠেলে দিচ্ছে? রাজার এই লাইভ ভিডিওর পর সেই বিতর্কই এখন তুঙ্গে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix