Dailyhunt
রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড! বন্ধ শুটিং, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল রণজয়ের নতুন মেগা 'প্রতীজ্ঞা'

রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড! বন্ধ শুটিং, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল রণজয়ের নতুন মেগা 'প্রতীজ্ঞা'

Tech Infomatrix 4 days ago

ভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও অকাল মৃত্যু টলিউডের অন্দরে নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা প্রকাশ্যে এনে দিয়েছে। শ্যুটিং ফ্লোরে অভিনেতাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে এবার সরাসরি রণংদেহি মেজাজে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মঙ্গলবার, ৭ এপ্রিল থেকে স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের ডাক দেওয়া হয়েছে।

আইনি লড়াই ও ক্ষোভের আগুন:
রাহুলের মৃত্যুর ঘটনায় সন্তোষজনক ব্যাখ্যা না মেলায় সরব হয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ইতিমধ্যেই কলকাতা এবং ঘটনাস্থল তালসারিতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর্টিস্ট ফোরামের অভিযোগ, কাজের চাপের দোহাই দিয়ে অভিনেতাদের জীবনের ঝুঁকি নিয়ে শ্যুটিং করানো হচ্ছে। সোমবার রাতভর ১৪ ঘণ্টার বেশি সময় ধরে 'এপিসোড ব্যাঙ্কিং'-এর জন্য ডবল ইউনিটে শ্যুটিং করানো হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে।

পিছিয়ে গেল ‘প্রতীজ্ঞা’, স্বস্তিতে ‘মিলন হবে কতদিনে’:
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে চ্যানেলের সম্প্রচার সূচীতে। রণজয় বিষ্ণু ও অভীকা মালাকার অভিনীত স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রতীজ্ঞা’ আজ থেকেই রাত সাড়ে ন'টার স্লটে আসার কথা ছিল। কিন্তু শ্যুটিং বন্ধ থাকায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত সাড়ে ন'টার স্লটে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটিই দেখতে পাবেন দর্শকরা। অন্যদিকে জি বাংলার নতুন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র ভবিষ্যৎও ঝুলে রয়েছে। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ জানিয়েছেন, তাঁদের দ্বিতীয় প্রোমোর শ্যুটিং আটকে গিয়েছে এবং ১৫ এপ্রিল থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা এখন বিশ বাঁও জলে।

পরবর্তী পদক্ষেপ:
মঙ্গলবার সকাল ১০টা থেকে টেকনিশিয়ান স্টুডিওতে বড়সড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখানে অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ান-সবাই মিলে নির্দিষ্ট কর্মসূচি এবং শ্যুটিং ফ্লোরের নতুন নিয়মাবলী নিয়ে আলোচনায় বসবেন। টলিউডের এই অচলাবস্থা কতদিন চলে, এখন সেদিকেই তাকিয়ে বিনোদন জগৎ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix