সারাদিন নাওয়া-খাওয়া শেষে রান্নাঘরের দিকে তাকালে অনেক সময় মন খারাপ হয়ে যায়। তেল-চিটচিটে স্ল্যাব, গ্যাসের বার্নারের পোড়া দাগ আর সিঙ্কের দুর্গন্ধ-সব মিলিয়ে এক হজোবরল অবস্থা। বাজারের দামী কেমিক্যাল ক্লিনার অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আজ আপনাদের জন্য রইল রান্নাঘরকে 'স্পা ট্রিটমেন্ট' দেওয়ার ৪টি অব্যর্থ ঘরোয়া টোটকা।
১. লেবু ও নুনের স্ক্রাব:
স্ল্যাবের তেলের দাগ তুলতে একটি লেবু অর্ধেক করে কেটে তার ওপর সামান্য নুন ছড়িয়ে দিন। এবার এটি দিয়ে স্ল্যাবটি ভালো করে ঘষে ৫ মিনিট অপেক্ষা করুন। লেবুর অ্যাসিড তেলের দাগ কাটবে আর নুন স্ক্রাব হিসেবে কাজ করে ময়লা তুলে আনবে। বাড়তি পাওনা হিসেবে পাবেন ফ্রেশ লেবুর সুগন্ধ।
২. সিঙ্ক পরিষ্কারে বেকিং সোডা-ভিনেগার:
সিঙ্কে জমে থাকা ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করতে ২ চামচ বেকিং সোডা ছড়িয়ে দিন। তার ওপর আধ কাপ সাদা ভিনেগার ঢাললেই দেখবেন ফেনা উঠছে। এই ফেনা সিঙ্কের পাইপের ভেতরে জমে থাকা ময়লা আলগা করে দেয়। ১০ মিনিট পর গরম জল ঢেলে ধুয়ে নিলেই সিঙ্ক হবে নতুনের মতো চকচকে।
৩. গ্যাসের পোড়া দাগে ভিনেগার স্প্রে:
রান্না করতে গিয়ে ঝোল বা তেল পড়ে গ্যাসে যে নাছোড় দাগ হয়, তা তুলতে স্প্রে বোতলে সমপরিমাণ জল ও সাদা ভিনেগার মিশিয়ে নিন। গ্যাসের ওপর এটি স্প্রে করে ১৫ মিনিট রেখে দিন। এরপর সাধারণ স্ক্রাবার দিয়ে আলতো করে ঘষলেই দাগ ভ্যানিশ!
৪. মাইক্রোওয়েভ ফ্রেশনার:
ওভেনের ভেতরের গন্ধ দূর করতে এক বাটি জলে লেবুর রস ও খোসা দিয়ে ২ মিনিট হাই পাওয়ারে চালান। ভাপ তৈরি হয়ে ভেতরের শুকনো দাগ নরম করে দেবে। এবার শুধু একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কেল্লাফতে!
ফাইনাল টাচ:
ঘর পরিষ্কার হয়ে গেলে একটি পাত্রে লবঙ্গ ও দারুচিনি গরম জলে ফুটিয়ে রান্নাঘরের এক কোণে রেখে দিন। দেখবেন ১০ মিনিটে পুরো রান্নাঘর কোনো দামি রিসোর্টের স্পা-এর মতো সুগন্ধে ভরে উঠবে।
বিশেষ টিপস:
সপ্তাহে অন্তত একদিন এই প্রাকৃতিক পদ্ধতি মেনে চললে রান্নাঘরে পিঁপড়ে বা আরশোলার উপদ্রব কমবে এবং কোনো বিষাক্ত কেমিক্যাল ছাড়াই আপনার হেঁশেল থাকবে জীবাণুমুক্ত।

