Dailyhunt
"শিলিগুড়ি জেতান, শহরের রাশ আমি নিজের হাতে রাখব!" উত্তরবঙ্গ জয়ে মরিয়া অভিষেকের মাস্টারস্ট্রোক

"শিলিগুড়ি জেতান, শহরের রাশ আমি নিজের হাতে রাখব!" উত্তরবঙ্গ জয়ে মরিয়া অভিষেকের মাস্টারস্ট্রোক

Tech Infomatrix 1 week ago

শিলিগুড়িতে বিধানসভা ও লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত জয় না পাওয়ার আক্ষেপ এবার সরাসরি ঝরে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। সোমবার বিকেলে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ময়দানে এক বিশাল জনসভা থেকে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহরের মানুষের মন জয় করতে এক নজিরবিহীন প্রতিশ্রুতি দিলেন তিনি।

অভিষেক স্পষ্ট জানালেন, গৌতম দেবকে জয়ী করলে শিলিগুড়ির উন্নয়নের রাশ তিনি নিজের হাতে রাখবেন এবং শহরকে ঢেলে সাজাবেন।

শঙ্কর ঘোষকে নজিরবিহীন আক্রমণ ও বিতর্কের চ্যালেঞ্জ:
এদিন শুরু থেকেই বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষকে নিশানা করেন অভিষেক। ২০২৫-এর বন্যায় ত্রাণ দিতে গিয়ে শঙ্করের চোট পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, “আঘাত লাগল বাম হাতে, আর ব্যান্ডেজ হল ডান হাতে! এমন বিধায়ককে এবার জবাব দেওয়ার সময় এসেছে।” এখানেই থামেননি তিনি। শঙ্কর ঘোষকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, “সময় আর স্থান আপনি ঠিক করুন, বিতর্কে বসুন। মোদির ১২ বছর আর মমতার ১৫ বছরের রিপোর্ট কার্ড নিয়ে সামনাসামনি লড়াই হোক। যদি ১০-০ গোলে ল্যাজেগোবরে না করতে পারি, তবে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।”

শহরের যানজট ও নাগরিক পরিষেবা:
শিলিগুড়ির দীর্ঘদিনের যানজট সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, “আমি জানি শহরের প্রধান সমস্যা যানজট। গৌতম দেবকে জেতান, এই সমস্যার সমাধান আমরা করব। আগামী ২০ বছরেও আপনারা তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না, এমন পরিষেবা দেব।” তিনি মনে করিয়ে দেন, শিলিগুড়ির হাজার হাজার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর সুবিধা পেলেও ভোটবাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছেন, যা অত্যন্ত আক্ষেপের।

অশোক ভট্টাচার্য ও বাম-রাম সমীকরণ:
প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে নিয়ে অভিষেক বলেন, “অশোকবাবু এখন বলছেন বামের ভোট যেন রামে না যায়। আমরা এই কথা ১০ বছর আগে বলেছিলাম। তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে বামেরা নিজেরাই আজ জব্দ হয়ে গিয়েছে।” সভার শেষে বিজেপিকে বিঁধে তাঁর বিস্ফোরক পরামর্শ, “বিজেপি টাকা দিলে নিয়ে নিন, ওটা আপনাদেরই হকের টাকা। কিন্তু ভোট দেওয়ার সময় পদ্মফুল থেকে টাকা নিয়ে জোড়াফুলেই ভোট দেবেন।”

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix