Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১১ দিনে ৭ কেজি ওজন কমল সোনমের, আমরণ অনশনের মঞ্চে নুডলস, কচুরি দিয়ে পিকনিক! ট্রোলিংয়ের জবাব দিলেন দিপকে

১১ দিনে ৭ কেজি ওজন কমল সোনমের, আমরণ অনশনের মঞ্চে নুডলস, কচুরি দিয়ে পিকনিক! ট্রোলিংয়ের জবাব দিলেন দিপকে

THE WALL 2 days ago

দ্য ওয়াল ব্যুরো: নিট বিতর্কে (NEET 2026 Controversy) একদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) চলছে জল না ছুঁয়ে আমরণ অনশন (indefinite fast), অন্যদিকে ঠিক তাঁর পাশেই বসে আয়েশ করে খাওয়া হচ্ছে ব্রেড পাকোড়া ও নুডলস!

দিল্লির তীব্র গরমে যখন পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জমে উঠেছে, ঠিক তখনই সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন মঞ্চের একটি 'খাবারের ভিডিও' তোলপাড় ফেলে দিয়েছে নেটপাড়ায়। জল গড়াল বিতর্ক থেকে ট্রোলিংয়ে।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছে 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party)। গত মে মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে ব্যাঙ্গাত্মক অনলাইন আন্দোলন হিসেবে জন্ম নেওয়া এই সংগঠনটি এখন রাজপথে। তাদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে আমরণ অনশনে বসেছেন লাদাখের বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বুধবার তাঁর এই কঠিন অনশন ১১ দিনে পা দিয়েছে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, গত ১১ দিনে ৭ কেজিরও বেশি ওজন কমেছে ওয়াংচুক, বর্তমানে তাঁর ওজন দাঁড়িয়েছে ৫৯.৪০ কেজি। রক্তচাপ ও সুগার কমলেও তিনি মানসিকভাবে অনড়।

এই চরম পরিস্থিতির মধ্যেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়াংচুক যখন অনশন করছেন, তখন অভিজিৎ তাঁর পাশেই বসে ব্রেড পাকোড়া, নুডলস বা কচুরি খাচ্ছেন। নেটিজেনদের একাংশ কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, ওয়াংচুক কষ্ট করে অনশন করলে আন্দোলনের মূল নেতারা কেন মঞ্চে বসে ভূরিভোজ করছেন?

বিতর্ক বাড়তেই মুখ খুলেছেন অভিজিৎ দিপকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পুরো বিষয়টিই মূল ইস্যু থেকে নজর ঘোরানোর একটা 'অযথা চেষ্টা'। তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি সোনম ওয়াংচুক অনশনে বসার আগের। ওয়াংচুক তখন একটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইউরোপে ছিলেন, তাই সেই ভিডিওর সঙ্গে বর্তমান অনশনের কোনও সম্পর্ক নেই।

অভিজিতের যুক্তি, সোনম ওয়াংচুকের নিজের পরামর্শেই দলের মূল কমিটি অনশন থেকে দূরে রয়েছে। কারণ, সবাই অনশন করলে হাজার হাজার আন্দোলনকারীকে সামলানো বা পুলিশের সঙ্গে বোঝাপড়া করার মতো কেউ থাকবে না। তাছাড়া নিজের মাইগ্রেনের সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে অভিজিৎ তাঁকে অনশন ভাঙার অনুরোধ করলেও ওয়াংচুক তা ফিরিয়ে দিয়েছেন।

এদিকে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের পাশাপাশি 'সংযুক্ত কিষাণ মোর্চা'-ও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি বিতর্কিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বাতিলের দাবিও জোরালো হচ্ছে। তবে এত বিতর্কের মাঝেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর অপসারণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তর ছাড়ছেন না তাঁরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall