দ্য ওয়াল ব্যুরো: চোটগ্রস্ত ক্রিকেটারদের তড়িঘড়ি মাঠে নামানো নিয়ে দেশের অন্দরে প্রবল সমালোচনা। আর তার জেরেই দল নির্বাচন নীতিতে বড়সড় রদবদল আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এখন থেকে কোনও ক্রিকেটারকে মাঠে নামানোর আগে ২০০ শতাংশ নিশ্চিতভাবে ফিট থাকবে হবে। সামান্য চোট থাকলেও আর জাতীয় দলের দরজা খুলবে না।
আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের (India vs Afghanistan) দল ঘোষণাতে সেই বদলের ইঙ্গিত স্পষ্ট। আনফিট প্লেয়ার খেলানো নিয়ে বিতর্ক এড়াতেই বোর্ডের এই চরম কড়াকড়ি।
দলে সুযোগ, তবু নামের পাশে শর্তের চিহ্ন
আফগানদের বিরুদ্ধে স্কোয়াডে সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা এবং নীতীশকুমার রেড্ডি। কিন্তু প্রত্যেকের নামের পাশে জ্বলজ্বল করছে একটি তারকাচিহ্ন (অ্যাস্টরিস্ক)। অর্থাৎ, তাঁদের ফিটনেস নিয়ে বোর্ড এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, চোট সামলে ফেরা ক্রিকেটারদের নিয়ে আর বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ বিসিসিআইয়ের (BCCI Selection Policy) সেন্টার অফ এক্সেলেন্স (CoE)। গত কয়েক মাসে চোটগ্রস্ত ক্রিকেটারদের নিয়ে বোর্ডের ভূমিকা চরম সমালোনার মুখে পড়ে। হর্ষিত, বুমরাহ, সুন্দর ও রেড্ডিকে আন্তর্জাতিক সিরিজের জন্য দলে ডাকা হয়েছিল। কিন্তু মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ফের চোটের কবলে পড়েন তাঁরা। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই কড়া পদক্ষেপ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার স্পষ্ট বক্তব্য, 'শুধু ১০০ শতাংশ নয়, কোনও প্লেয়ারকে মাঠে নামার ছাড়পত্র দেওয়ার আগে তাঁর ফিটনেস নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত হতে চাইছে টিম ম্যানেজমেন্ট।'
বিতর্ক মেটাতে লক্ষ্মণের সাফাই
আনফিট খেলোয়াড়দের দলে ডেকে ফের বসিয়ে দেওয়ার ঘটনায় সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। এই পরিস্থিতিতে সিওই-প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) বোর্ডের স্বচ্ছতার পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, 'প্লেয়াররা জানে তারা এখনও জাতীয় দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। দল নির্বাচন সব সময় প্লেয়ার এবং দল—উভয়ের স্বার্থকেই প্রাধান্য দেয়। আমাদের অন্দরের যোগাযোগটা একদম নিঁখুত। বিসিসিআই ফিটনেস রিপোর্ট ও নির্বাচনে পুরো স্বচ্ছতা বজায় রাখছে। প্রেস রিলিজে পরিষ্কার বলা থাকে, ফিটনেসের শর্তেই এঁদের নেওয়া হয়েছে। ফিটনেস টেস্টে পাশ না করলে নির্বাচকরা জানেন কাদের বদলি হিসেবে পাঠানো হবে। এটা তো সাধারণ কাণ্ডজ্ঞান।' (Indian Cricket Team)।
সচিবের যুক্তিতে আগামীর রূপরেখা
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়াও এই তারকাচিহ্নের কারণ বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক সিরিজের তিন-চার সপ্তাহ আগে দল বাছা হয়। তাঁর কথায়, 'ওই ২১ বা ২৮ দিনের মধ্যে ফিট হলে তাকে দলে নেওয়া হবে। তাই আমরা নির্বাচনের দিনই কাউকে সরাসরি বাতিল করে দিচ্ছি না। হয়তো দল বাছার দিন সে ফিট নয়। কিন্তু যেদিন ট্রাভেল করবে বা ম্যাচ খেলবে, সেদিন সে পুরোপুরি ফিট হয়ে যেতে পারে।' (Cricket News)
আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু আফগানিস্তান সিরিজ। বুমরাহ ও রেড্ডি প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আশাবাদী বোর্ড। তবে রানা ও সুন্দরের পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ সেন্টার অফ এক্সেলেন্স।

