দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে একটানা তিন দিন অবস্থান ধর্না কর্মসূচি করার অনুমতি মিলল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আগামী ৬, ৭ এবং ৮ সেপ্টেম্বর রাজপথে এই কর্মসূচি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের (Jamiat Ulema-e-Hind Kolkata) রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)।
তবে বুধবার কলকাতা হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, ব্যস্ত শহরে (Kolkata news) পরপর তিন দিন এই ধরনের দীর্ঘ ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া কার্যত অসম্ভব। আন্দোলনের দিন সংখ্যা কমিয়ে তা এক দিনে করার বার্তা দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের ওই নির্দিষ্ট তিনটি দিনে অবস্থান ধর্নার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। গত ৩১ অগস্ট এই কর্মসূচির আর্জি জানিয়ে পুলিশের কাছে লিখিত আবেদন জমা দেন সংগঠন কর্তৃপক্ষ। কিন্তু ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে পুলিশ সেই আবেদনে সায় দেয়নি। এরপরেই পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সংগঠন নেতৃত্ব।
বুধবার মামলাটি হাইকোর্টে তোলা হলে সংগঠনের পক্ষে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবেই ধর্না করতে চান তাঁরা।
তবে এই আবেদনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে জানান, খাস কলকাতার মতো ব্যস্ত এলাকায় তিন দিন ধরে রাস্তা আটকে বা জমায়েত করে ধর্না চললে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ হতে পারে। তাই এই দীর্ঘ মেয়াদি কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। বিচারপতি পরামর্শ দেন, তিন দিনের বদলে তাঁদের পুরো কর্মসূচিটি গুটিয়ে এনে এক দিনে সম্পন্ন করতে হবে।
পুলিশের অনুমতি না দেওয়া এবং আদালতের এই পর্যবেক্ষণের পর মামলাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আদালত জানিয়েছে, বিষয়টি বিবেচনা করে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। ওই দিন কর্মসূচির দিন পরিবর্তন ও বিকল্প রূপরেখা নিয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।

