Dailyhunt
৮ বছরেই শুরু পিরিয়ড, বয়ঃসন্ধি এগিয়ে আসছে ছেলে মেয়েদের! কারণ খুঁজছে আইসিএমআর

৮ বছরেই শুরু পিরিয়ড, বয়ঃসন্ধি এগিয়ে আসছে ছেলে মেয়েদের! কারণ খুঁজছে আইসিএমআর

THE WALL 2 years ago

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: 27th March 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের আগে একরকম, পরে অন্যরকম। কোভিড-পরবর্তী বিশ্বে নানা বদলের মধ্যে একটি হল অকাল বয়ঃসন্ধি। সময়ের আগেই দুম করে বড় হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। শরীরে ও মনে দেখা দিচ্ছে তার লক্ষণ। সময়ের আগেই বয়ঃসন্ধি এসে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের।

কেন হচ্ছে এমন?

এখন অধিকাংশ বাচ্চাদের যে বয়সে পিউবার্টি শুরু হচ্ছে, বছর কুড়ি আগে তা শুরু হত আরও কিছুটা দেরিতে। তার মানে কি বয়ঃসন্ধি এগিয়ে এসেছে?

মুম্বইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ ইন রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ (NIRRCH) এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)জানিয়েছে, দেশজুড়ে সমীক্ষায় দেখা গেছে কোভিডের প্রভাবে বহু ক্ষেত্রেই এগিয়ে আসছে এই বয়ঃসন্ধির সময়। সময়ের আগে ঋতুমতী হচ্ছে মেয়েরা। মাত্র ৮ বছর বয়সেই পিরিয়ড শুরু হচ্ছে অনেক বাচ্চার, ছেলেদের শরীরেও দেখা দিচ্ছে বয়ঃসন্ধির লক্ষণ। একেই বলা হয় 'আর্লি পিউবারটি' (Early Puberty), অর্থাত্‍ সময়ের আগেই বয়ঃসন্ধি এসে যাওয়া।

আর্লি পিউবারটি কী?

আইসিএমআরের বিজ্ঞানী ডা. অন্তরা এ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, মেয়েদের ৯ থেকে ১৩ এবং ছেলেদের ৯ থেকে ১৪ বছরের মধ্যে পিউবারটি বা বয়ঃসন্ধি আসার সময়। ৯ বছর বয়স থেকে একটু একটু করে শরীরে বয়ঃসন্ধির লক্ষণ দেখা দিতে থাকে। এই ডেভেলপমেন্ট হয় ধীরে ধীরে। কিন্তু এর আগেই যদি দুম করে শরীরে বয়ঃসন্ধির সমস্ত লক্ষণ প্রকাশ পেয়ে যায়, তাহলে সেই সময়টাকে বলা হবে 'আলি পিউবারটি।'

যদি দেখা যায় মেয়েদের ৯ বছরের মধ্যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় বা পিউবিক হেয়ার জন্মায় এবং ছেলেদের ন'বছরের আগে যদি টেস্টিকুলার এনলার্জমেন্ট, পেনাইল এনলার্জমেন্ট বা পিউবিক হেয়ার জন্মায়, তাহলে তাকে ডাক্তারি ভাষায় বলা হবে 'প্রিকশাস পিউবার্টি (Precocious Puberty)।'

কেন সময়ের আগেই এগিয়ে আসছে বয়ঃসন্ধি?

ডা. বন্দ্যোপাধ্যায় বলছেন, কোভিডের সময় ও পরে এই আর্লি পিউবারটির কেস অনেক বেশি বেড়ে গেছে। তবে শুধু কোভিড নয়, বর্তমান সময়ে খাদ্যাভ্যায়, জীবনযাত্রার ধরন সবই এর জন্য দায়ী। বাচ্চাদের এখন ছোট থেকে ওবেসিটি, ডায়াবেটিস। এক্ষেত্রেও শরীরে হরমোনের বদল আসতে পারে খুব তাড়াতাড়ি। পেরিফেরাল কারণেও প্রিকশাস পিউবার্টি হতে পারে। যেমন, ওভারিতে কোনও টিউমার বা সিস্ট থাকলে তার থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হতে পারে যা আর্লি পিউবারটির কারণ হতে পারে।

অকাল বয়ঃসন্ধিতে কী কী বদল হচ্ছে শরীরে ও মনে?

৮ বছর বা তার আগেই ঋতুস্রাব শুরু হয়ে যাচ্ছে। মেয়েদের প্রথমে ব্রেস্ট বাড দেখা দিচ্ছে ও ক্রমে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে ৯ বছরের মধ্যেই। পিউবিক হেয়ার ও আর্মপিট হেয়ার জন্মাচ্ছে বাচ্চাবেলাতেই। ছেলেদের ক্ষেত্রে টেস্টিকুলার ও পেনাইল এনলার্জমেন্ট হচ্ছে ৮ থেকে ৯ বছরের মধ্যেই।

বয়ঃসন্ধি এগিয়ে এলে দ্রুত শরীরে বদল দেখা দেবে যার প্রভাব পড়বে মনেও। দেখা গেছে, প্রিকশাস পিউবার্টির ছেলে মেয়েদের শরীরে হরমোনের বদল দ্রুত হচ্ছে। ফলে মেন্টাল ডেভলপমেন্টও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ঋতুচক্রের শুরুর দিকগুলোতে খুব বেশি 'অ্যানোভালটরি সাইকেল' হয়। আর্লি পিউবারটি হলে ব্লিডিং খুব বেশি হতে পারে, সেই সঙ্গে পেটে ব্যথা। বাচ্চা মেয়েরা অনেকসময়েই ঘাবড়ে যায়, নানা রকম মানসিক সমস্যা দেখা দেয়। ঋতুচক্রকে ভয় পেতে শুরু করে, স্কুলে যাওয়া বন্ধ করে দেয় অনেকে। সমস্যার কথা বলতে না পেরে অনেকেরই মনে মনে ক্রোধ জন্মায়। প্রচণ্ড উগ্রতা, খিটখিটে মেজাজ হতে থাকে ছোট থেকেই। মানসিক অবসাদেও ভুগতে শুরু করে অনেকে।

এই সময়টাতে ঠিকমতো বুঝিয়ে গাইড করা, কাউন্সেলিং করা খুব জরুরি। স্কুলে শিক্ষক-শিক্ষিকাকেও অগ্রনী ভূমিকা নিতে হবে এ ক্ষেত্রে। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা একটু একটু করে স্বাধীনচেতা হতে শুরু করে। আর সেটা যদি সময়ের আগেই হতে থাকে, তাহলে সে ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। দুশ্চিন্তা না করে বা বাচ্চাকে বকাঝকা না করে, বন্ধুর মতো মিশতে হবে। প্রয়োজন হলে চিকিত্‍সকের কাছে য়াওয়া বা কাউন্সেলিং করানো খুবই জরুরি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall