দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিগত ১৫ বছরে সমবায় আন্দোলন সম্পূর্ণ অবহেলিত হয়েছে এবং সমবায়ের (Co-Operative) গুরুত্ব না বুঝে একনায়কতান্ত্রিক সরকার চালানো হয়েছে— উত্তর ২৪ পরগনায় দাঁড়িয়ে পূর্বতন সরকারকে এ ভাবেই চাঁচাছোলা ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগের সরকারকে (TMC Government) কটাক্ষ করে তিনি বলেন, 'আগে সবাই তো ল্যাম্পপোস্ট ছিল, একটাই পোস্ট!
বোঝালেও বুঝত না। কেউ কিছু বলতে গেলেই বলত, 'আমি তো সব জানি।'' বিগত দিনে রাজ্যে সমবায় আন্দোলন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ৬ হাজারের বেশি সমিতির মধ্যে প্রায় ২ হাজারই অকেজো। ইঞ্জিনিয়ার্স কো-অপারেটিভের ২৫ শতাংশ কাজের কোটা বন্ধ করা হয়েছে। এমনকি স্টেট কো-অপারেটিভ ব্যাংকে ১২ বছর এবং ওয়েবস্কে ১০ বছর ধরে নির্বাচন হয়নি। প্রাথমিকেও বন্ধ নির্বাচন। সমবায়কে গুরুত্ব না দিয়ে বিকল্প অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
২৩,০০০ মহিলা সদস্য সম্বলিত 'নর্থ ২৪ পরগনাস মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড'-এর ৩৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সমবায় ব্যবস্থার আমূল সংস্কার ও অগ্রগতির নতুন দিকনির্দেশ করেন শুভেন্দু। অনুষ্ঠানমঞ্চে তুলসী মাতার প্রতি প্রণাম নিবেদন করে তিনি স্মরণ করেন ৩৫ বছর আগে যে নারীরা এই সোসাইটি নিবন্ধিত করে কাজের বীজ রোপণ করেছিলেন, তা আজ মহীরুহে পরিণত হতে চলেছে। স্বামী বিবেকানন্দের (Swami Vivekanada) "চরৈবেতি, চরৈবেতি" মন্ত্রে দীক্ষিত হয়ে এই সমিতি আগামী দিনে বটবৃক্ষে পরিণত হবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
গণতন্ত্রে সমবায়ের স্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'সবাই বলে দেশে তিনটি সরকার আছে— কেন্দ্র, রাজ্য ও পঞ্চায়েত-পৌরসভা। কিন্তু সংবিধানে স্বীকৃতি পাওয়া সমবায় ব্যবস্থা হল প্রকৃতপক্ষে দেশের 'চতুর্থ সরকার'।' মহিলা চালিত এই সমিতিগুলির মাধ্যমে নারীদের স্বশক্তিকরণ সম্ভব উল্লেখ করে মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের 'লাখপতি দিদি' প্রকল্পের উদাহরণ টানেন। নন্দীগ্রামে এসএইচজি (SHG) গ্রুপগুলির জন্য ৩০,০০০ টাকার ইনসেন্টিভ হস্তান্তরের কথা উল্লেখ করে তিনি জানান, পঞ্চায়েতের অধীনে এসএইচজি-রা যে সুযোগ পাচ্ছে, সমবায়ের অধীনে থাকা গ্রুপগুলি যেন তার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বক্তব্যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রাক্তন সমবায় মন্ত্রী প্রয়াত সরল দেবের অবদান স্মরণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, তৎকালীন সিপিএমের অন্দরে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও সরল দেব কাঁথি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক (ARDB)-কে পুরোনো আইনের সেকশন সেভেনে এক বছরের এক্সেম্পশন (Exemption) দিয়েছিলেন। ব্যাংকটিকে অডিট রিপোর্টের ভিত্তিতে লস থেকে প্রফিটে নিয়ে আসা, সদস্য বৃদ্ধি এবং ফার্ম সেক্টরে ২৫ শতাংশ দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণেই দলীয় চাপ উপেক্ষা করেছিলেন তিনি। পাশাপাশি ২০০৬ সালের কো-অপারেটিভ অ্যাক্ট ও তার পরবর্তী রুলস তৈরিতে নিজের বিরোধী এমএলএ হিসেবে ভূমিকা এবং অশোক বসুর নেতৃত্বের কথা মনে করান শুভেন্দু।
কেন্দ্রীয় মোদী সরকারের আমলে সমবায় দফতরের আলাদা মর্যাদা প্রাপ্তির কথা উল্লেখ করে শুভেন্দু জানান, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ তাঁকে একটি ব্যক্তিগত ডিও (D.O.) চিঠি পাঠান, যাতে রাজ্য ও কেন্দ্রের সমবায়ের কাজে সমন্বয় রক্ষা করতে এক জন আইএএস অফিসারকে মনোনীত করা হয়। সেই অনুযায়ী উপযুক্ত অফিসার বাছাই করা হয়েছে। কেন্দ্রে মোদী সরকারের ছ'টি স্কিম ও সর্বভারতীয় কম্পিউটারাইজেশন চালুর ফলে এই সেক্টরে নতুন দিগন্ত খুলে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, মিষ্টি দই তৈরির জন্য হাওড়ার সাঁকরাইলে 'আমূল' ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ১৫ একর করে জমি দেওয়া হলে আমূল সেখানে আইসক্রিম ফ্যাক্টরি করবে, যা ১০ থেকে ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে।
উত্তর ২৪ পরগনার এই মহিলা কো-অপারেটিভ সমিতিকে সমগ্র জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য সাধারণ সভার অনুমোদন (AGM approval) ও বাই-ল সংশোধনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। নিবন্ধক (Registrar) বৈভব চৌধুরীকে নির্দেশ দেন আইনি শর্ত পূরণ হলে ফাইল ফেলে না রেখে দ্রুত এনওসি দিতে।
একই সঙ্গে সমবায়কে বাঁচাতে বোর্ডের সদস্যদের ২টি সতর্কতা দেন তিনি,
১. স্বজনপ্রীতি পরিহার: সিকিউরিটি ছাড়া কেবল আত্মীয়তার খাতিরে লোন দেওয়া যাবে না।
২. রাজনৈতিক প্রভাবমুক্ত কঠোর পদক্ষেপ: রাজনৈতিক নেতা বা পরিচিত মুখ হলেও ঋণখেলাপীদের ছাড় দেওয়া চলবে না। এনপিএ হলে আইনি নোটিস পাঠাতেই হবে।
প্রতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে অডিট শেষ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি অতিরিক্ত অভ্যর্থনা খরচ কমিয়ে 'ম্যানেজমেন্ট কস্ট' নিয়ন্ত্রণের আহ্বান জানান। আগামী ১৪ থেকে ২০ নভেম্বর সমবায় সপ্তাহে আন্দোলনের গুরুত্ব প্রচারের বার্তা দেন এবং মনে করিয়ে দেন যে বর্তমান কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নিজেও এক সময় আমদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্রের মতো বাংলাতেও সমবায় বিপ্লব ঘটানোর আহ্বান জানান তিনি।

