দ্য ওয়াল ব্যুরো: ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়াম। ইউএস ওপেনের (US Open) রাতের সেশন। কোর্টে নামলেন নাওমি ওসাকা। তবে চেনা রূপে নয়। তাঁর পরনে খবরের কাগজের কাটিং ছাপানো একটি লম্বা সাদা গাউন এবং হুড। গাউন খুলতেই দেখা গেল কালো রঙের ম্যাচিং আউটফিট। আর মাথায় বিখ্যাত 'কর্নরোজ' হেয়ারস্টাইল।
এনবিএ (NBA) কিংবদন্তি অ্যালেন আইভারসনকে সম্মান জানিয়েই জাপানি তারকার এই অভিনব সাজ।
আইভারসনকে সম্মান
টুর্নামেন্টের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময়ও আইভারসনের ছবি দেওয়া শার্ট পরেছিলেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা (Grand Slam)। ফিলাডেলফিয়া ৭৬-এর প্রাক্তন তারকাকে 'পথপ্রদর্শক' আখ্যা দিয়ে নাওমি বলেন, 'আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। ফ্যাশনের দুনিয়ায় উনি অনেক কিছু করেছেন। ইচ্ছা করে হোক বা অজান্তে, এনবিএ খেলোয়াড়দের সাজগোজের ধরনটাই উনি বদলে দিয়েছেন।' খেলার দুনিয়ায় পোশাক এবং স্টাইল নিয়ে আইভারসনের ভাবনা তাঁকে অনুপ্রাণিত করে বলেও জানান নাওমি ওসাকা (Naomi Osaka)।
সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির বার্তা
এর আগে আইভারসনের সঙ্গে নাওমির কখনও কথা হয়নি। কিন্তু এই নয়া লুক দেখে উচ্ছ্বসিত খোদ এনবিএ কিংবদন্তি। ইনস্টাগ্রামে নাওমিকে ট্যাগ করে তিনি লেখেন, 'ওয়াও, কী দারুণ সম্মান!! তোমার অনেক বড় অনুরাগী আমি। তোমার সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।' নিজের এই সাজ নিয়ে নাওমির দাবি, 'সত্যি বলতে, চমক দেওয়ার জন্য কিছু করি না। আমি যা ভালবাসি, সেটাই করি। মানুষ সেটার সঙ্গে নিজেদের মেলাতে পারে ভেবে খুব ভাল লাগে।'
কোর্টে নাওমির লড়াই
সাজগোজের পাশাপাশি কোর্টেও দাপট জাপানি তারকার (Tennis News)। প্রথম রাউন্ডে আনাস্তাসিয়া জাখারোভাকে স্ট্রেট সেটে হারালেন ২৮ বছরের নাওমি। তবে জয় সহজে আসেনি। প্রথম সেটে ৫-২ এবং দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু ১০১ নম্বর বাছাই জাখারোভা হার মানতে নারাজ। দু'টি সেটই টাইব্রেকে গড়ায়। শেষপর্যন্ত দু'ঘণ্টার বেশি সময় ধরে চলা লড়াইয়ে ৮-৬ এবং ৭-৩ ব্যবধানে টাইব্রেক জিতে ম্যাচ পকেটে পোরেন নাওমি। ২০১৮ ও ২০২০ সালে নিউইয়র্কে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তাঁর প্রতিক্রিয়া, 'আমি প্রচুর ম্যাচ খেলেছি। সত্যি বলতে, এই কোর্টেই আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ।'
টেনিসের বাইরে নিজস্ব ব্র্যান্ড
ফ্যাশন দুনিয়াতেও নিজের জায়গা পাকা করছেন নাওমি (US Open 2026)। নিউইয়র্কে অনুশীলনের ফাঁকেই সাউদাম্পটনে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের ডিজাইন করা একটি নতুন হ্যান্ডব্যাগের মডেল প্রকাশ করেন। টেনিসের বাইরে নিজস্ব ব্র্যান্ড তৈরি করাই তাঁর সবচেয়ে বড় স্বপ্ন। ফরচুন সামিটে নাওমি বলেন, 'ভাল টেনিস খেলোয়াড় হওয়ায় বিনিয়োগের অনেক সুযোগ পেয়েছি। এবার আমি নিজের কিছু তৈরি করতে চাই। এর পিছনে আমি আমার পুরো এনার্জি ঢেলে দেব।'

