দ্য ওয়াল ব্যুরো: আইনি বিপাকে রচনা। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)-র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার চারুমার্কেট পুলিশ স্টেশন (Charu Market Police Station)-এ জমা পড়া এই অভিযোগ ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
অভিযোগের সূত্রপাত আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে। অভিযোগকারী এক আইনজীবীর দাবি, ঘটনার পর সামাজিক মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন, যা কেন্দ্র করে আইনগতভাবে গুরুতর চর্চা শুরু হয়। সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় বলেও এদিন অভিযোগ করা হয়।
আইনজীবীর বক্তব্য, বিষয়টি সামনে আসার পর তিনি সে সময়ই লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে তাঁর দাবি। দীর্ঘদিন পর ফের একই বিষয়ে নতুন করে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
অভিযোগকারীর দাবি, নির্যাতিতার পরিচয় প্রকাশ করা আইনবিরুদ্ধ এবং জনসমক্ষে সেই নাম উল্লেখ করা উচিত হয়নি। তাঁর মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে রচনার আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। তাই এই ঘটনায় যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বলেও জানা গিয়েছে। যদিও দ্য ওয়ালের পক্ষ থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, ফোনে কোনও উত্তর মেলেনি।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মাঝেই চর্চায় এই অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই আবহে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম তারকা প্রচারক ছিলেন রচনা। বিভিন্ন জেলায় দলের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রচনা জানিয়েছিলেন, গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা এবং সেই রায়কে তিনি সম্মান করেন। পাশাপাশি সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাওয়ার কথাও বলেছিলেন।
তবে নতুন এই অভিযোগের জেরে বিষয়টি কোন দিকে গড়ায় এবং তদন্তে কী উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।

