দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরের ১২ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের (Baruipur News) ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ, মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বারুইপুরের পুলিশ সুপারের (SP) কার্যালয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।
তবে বারুইপুর রওনা হওয়ার আগেই তদন্তের অগ্রগতি ও এখন পর্যন্ত উঠে আসা তথ্য বিস্তারিত জানতে বিশেষ তদন্তকারী দল (SIT)-এর আধিকারিকদের নিয়ে একপ্রস্থ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার সকালেই বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছায় বিজেপির একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তাঁরা নিহত কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
পরিবারের সঙ্গে দেখা করার পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পূর্বতন সরকারকে নিশানা করে বলেন, "আগের সরকার তো আক্রান্ত পরিবারকে আশ্বস্ত করার কোনও চেষ্টাই করেনি। আমাদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে। কিশোরীর পরিবার সরকারের ভূমিকায় অত্যন্ত সন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রীর ওপর তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে।"
তিনি বলেন, 'আমরা পাশে দাঁড়াতে এসেছি, যে রকম আগেও দাঁড়িয়েছি। এটা রাজনীতি করার সময় নয়।' অন্যদিকে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও এই ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তির আশ্বাস দিয়ে জানান, সরকারের তাৎক্ষণিক পদক্ষেপে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট।
বারুইপুরের এই মর্মান্তিক ঘটনায় খুনের মামলার পাশাপাশি ইতিমধ্যেই গণধর্ষণের মামলাও যুক্ত করা হয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ ও মোটিভ কী ছিল, ধৃতদের জেরা করে সেই যাবতীয় তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই জঘন্য অপরাধের অভিযোগে পুলিশ এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন— আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার। ধৃতদের মধ্যে দু'জনকে সোমবারই আদালতে পেশ করে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। ধৃত তৃতীয় অভিযুক্তকে আজ, মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে।
গত রবিবার বারুইপুরের একটি স্থানীয় পুকুর থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় চলা গণবিক্ষোভে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। সেই উত্তেজনার মাঝেই কিশোরীর খুনের সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটে।
এই ঘটনায় পরিবারের তরফে মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'নির্যাতিতার বাবা যা যা চেয়েছেন, তার সবটাই করবে মুখ্যমন্ত্রী। আমি অত্যন্ত খুশি যে ওঁরা আস্থা রেখেছেন।'

