দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) বাড়িতে পৌঁছে গেল সিআইডি-র অধিকারিকরা! শনিবার দুপুরেই তাঁর বাড়ির সামনে দেখা যায় সিআইডি-র পাঁচজন প্রতিনিধিকে (CID)।
সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, কিছু স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াতেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইডি।
তদন্তকারীদের মূল লক্ষ্য, সংশ্লিষ্ট চিঠিতে থাকা স্বাক্ষরগুলি আদৌ প্রকৃত কি না, তা যাচাই করা। সেই কারণেই একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা। সেই তালিকায় রয়েছেন চন্দ্রনাথ সিনহা, নয়না বন্দ্যোপাধ্যায়। একই মামলার তদন্তে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি।
বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, কিছু স্বাক্ষর জাল করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এই সংক্রান্ত প্রথম চিঠি তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভা পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি ফিরিয়ে দেন বিধানসভার স্পিকার। তারপর অন্য চিঠি যাওয়ার পরই সই নিয়ে বিতর্ক শুরু হয়।
শুধু স্বাক্ষর সংগ্রহই নয়, বেশ কিছু নথিপত্রও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। কোন পরিস্থিতিতে সেই চিঠিতে স্বাক্ষর করা হয়েছিল, আদৌ স্বাক্ষরটি তাঁর নিজের কি না - সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন অবশ্য সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা পাননি। তৃণমূল নেতার বাড়ির এক কর্মী আধিকারিকদের জানান, অভিষেক বাড়িতে নেই। এমনকি তাঁর স্ত্রী, সন্তানরাও নেই। কোথায় গেছেন তিনি বলতে পারবেন না। তবে সিআইডি আপাতত একটি নোটিস দিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ১৮৮এ শান্তিনিকেতন-এ।

