দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় একের পর এক জমি কিনে আলোচনায় রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে সেই জমি কেনার নেপথ্যে রয়েছে এক মজার ঘটনা। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন উল্লেখ্য জমি বিক্রি করা সংস্থার প্রধান অভিনন্দন লোধা (Abhinandan Lodha)।
এক আলোচনাসভায় অভিনন্দন লোধা জানান, ২০২৩ সালে তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন।
গভীর রাতে ঘুম ভেঙে দেখেন, তাঁর ফোনে কয়েকটি মিসড কল এসেছে। সঙ্গে একটি বার্তাও ছিল। সেখানে লেখা ছিল, "আমি অমিতাভ বচ্চন। সময় হলে আমাকে ফোন করবেন।"
বার্তাটি দেখেই তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন। ওপার থেকে অমিতাভ বলেন, "আমি উত্তরপ্রদেশের মানুষ। অযোধ্যায় একটি জমি কিনতে চাই।"
এরপর জমির দাম নিয়ে কথা হয়। অভিনন্দন লোধা জানান, তিনি প্রথমে দাম বলতে অস্বস্তি বোধ করছিলেন। কিন্তু অমিতাভ জানতে চান, ১৫ হাজার বর্গফুট জমির দাম কত হতে পারে। উত্তরে তিনি জানান, প্রায় ১৫ কোটি টাকা লাগবে। তাঁর দাবি, পরের দিনই অমিতাভ সেই ১৫ কোটি টাকা পাঠিয়ে দেন।
২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে অযোধ্যায় প্রথম জমি কেনেন অমিতাভ। তারপর থেকে ধাপে ধাপে সেখানে আরও জমি কিনেছেন তিনি।
চলতি বছরের মার্চ মাসে তিনি প্রায় ৩৫ কোটি টাকা দিয়ে ২.৬৭ একর জমি কেনেন। এর আগে অযোধ্যায় আরও দু'বার জমি কিনেছেন। সব মিলিয়ে অযোধ্যায় এটি তাঁর চতুর্থ সম্পত্তি।
অভিনন্দন লোধার কথায়, অযোধ্যায় দ্রুত উন্নয়ন হচ্ছে। তাই দীর্ঘদিনের জন্য সম্পদ গড়ে তুলতে অনেকেই সেখানে জমি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। অমিতাভ বচ্চনের ধারাবাহিক বিনিয়োগও সেই বিশ্বাসেরই প্রমাণ।

