Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বড় ধাক্কা! অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'

বড় ধাক্কা! অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: গত বছর নিজের জন্মদিনেই নতুন ছবির ঘোষণা করেছিলেন দেব। সেই ছবির নাম 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। ঘোষণার পর একে একে প্রকাশ্যে আসে পোস্টার, মুক্তির দিনও জানানো হয়। ঠিক হয়েছিল, চলতি বছরের ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু এখন সেই পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ে আর মুক্তি পাচ্ছে না 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। (dev actor, jeet actor, Dev, Bike Ambulance Dada , keu bole biplobi keu bole dakat)

এই জল্পনার মধ্যেই ছবির প্রযোজক প্রদীপ কুমার নন্দী বলেন, 'ছবির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। বিশেষ করে VFX-এর উল্লেখযোগ্য অংশ এখনও বাকি। সেই কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে,' তাঁর কথায়, এখনও ছবিকে চূড়ান্তভাবে প্রস্তুত করার কাজ চলছে। তাই নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রযোজক আরও জানান, অগস্ট মাসে তাঁদের প্রযোজনা সংস্থার তরফে অন্য একটি ছবি মুক্তি পাবে। আপাতত জিৎ অভিনীত 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ সেই ছবির সমস্ত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। অন্যদিকে দেবও বর্তমানে 'দাদাগিরি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' মুক্তিতে কিছুটা দেরি হলেও, দর্শকদের আশ্বস্ত করে তিনি বলেন, ছবিটি চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজ প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় মুদগিল। ছবিটি নিবেদন করছেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী।

জানা গিয়েছে, এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়। এছাড়াও অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়, শ্রীপর্ণা রায় এবং স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়। যদিও বাকি কলাকুশলীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

'বাইক অ্যাম্বুলেন্স দাদা' শুধুমাত্র একটি বাণিজ্যিক ছবি নয়, এটি বাস্তব জীবনের এক অসাধারণ মানুষের লড়াই ও মানবিকতার গল্প। জলপাইগুড়ির বাসিন্দা করিমূল হক নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে বছরের পর বছর দুর্গম এলাকার অসংখ্য অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় নিজের মাকে হারানোর যন্ত্রণা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই পথ বেছে নিয়েছিলেন তিনি। তাঁর এই অসামান্য মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

করিমূল হকের সেই অনুপ্রেরণাদায়ক জীবনের গল্পই এবার বড় পর্দায় তুলে ধরছেন দেব। তবে ছবিটি দেখতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অগস্টের বদলে কিছুটা দেরিতে হলেও, নির্মাতাদের দাবি, চলতি বছরেই প্রেক্ষাগৃহে পৌঁছে যাবে বহু প্রতীক্ষিত 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'।

অন্যদিকে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিটি স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন থেকে অনুপ্রাণিত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম এই বিপ্লবী স্বাধীনতার পর একাধিক বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েন। কারও চোখে তিনি ছিলেন দেশের জন্য লড়াই করা বিপ্লবী, আবার কারও কাছে তিনি ছিলেন ডাকাত। সেই দ্বন্দ্ব, আদর্শ এবং ইতিহাসের ভিন্ন ব্যাখ্যাকেই বড় পর্দায় তুলে ধরেছে ছবিটি। জিৎ অভিনীত এই পিরিয়ড ড্রামার পরিচালনায় রয়েছেন পথিকৃৎ বসু।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall