Dailyhunt
বন্দে ভারতের খাবারে আরশোলা! সরবরাহকারী সংস্থাকে ১০ লাখ টাকা জরিমানা আইআরসিটিসি-র

বন্দে ভারতের খাবারে আরশোলা! সরবরাহকারী সংস্থাকে ১০ লাখ টাকা জরিমানা আইআরসিটিসি-র

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) খাবারে পোকা! যাত্রীদের চরম ক্ষোভে ফের প্রশ্নের মুখে রেলের খাদ্য পরিষেবা। আমদাবাদ (Ahmedabad) থেকে মুম্বই (Mumbai) ফেরার পথে এক যাত্রী নিজের খাবারের প্যাকেটে আরশোলা দেখতে পান। ঘটনাটি সামনে আসতেই কোচজুড়ে আতঙ্ক ছড়ায়, অনেকেই খাওয়া বন্ধ করে দেন সঙ্গে সঙ্গে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) পোস্ট করে ওই যাত্রী দাবি করেন, তাঁর কোচে অন্তত দু'টি এমন ঘটনা ঘটেছে। শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ডাল-ভাতের (Dal-Chawal Meal) প্যাকেটের মধ্যেই ওই পোকা রয়েছে। যাত্রী জানান, খাবার সরবরাহকারী সংস্থা ছিল এম/এস বৃন্দাবন ফুড প্রোডাক্টস (M/S Brandavan Food Products), যা আরকে গ্রুপের (RK Group) অংশ।

ঘটনার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্যাগ করে কড়া পদক্ষেপের দাবি জানান ওই যাত্রী। তাঁর অভিযোগ, খাবার প্রস্তুতিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর নিয়ম মানা হচ্ছে না। এমনকি তিনি অনুরোধ করেন, দোষ প্রমাণিত হলে সংস্থার লাইসেন্স (Licence) যেন বাতিল করা হয়। পাশাপাশি যাতে বিষয়টি 'ঘুষ দিয়ে মিটিয়ে ফেলা' না হয়, সেই আশঙ্কাও প্রকাশ করেন।

ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া দেয় আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation বা IRCTC)। সংস্থার তরফে জানানো হয়, পরিষেবা প্রদানকারীকে ১০ লক্ষ টাকা জরিমানা (Penalty) করা হচ্ছে এবং চুক্তি বাতিলের (Termination Notice) নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রান্নাঘর সিল করে দিয়ে ভাল করে পরিষ্কার করা সঙ্গে (Deep Cleaning) পেস্ট কন্ট্রোল (Pest Control) শুরু হয়েছে।

আইআরসিটিসি আরও জানিয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এদিকে সংস্থার দাবি, যাত্রী নিরাপত্তা (Passenger Safety) ও স্বাস্থ্যবিধি (Hygiene) বজায় রাখাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল (Viral) হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, এখন থেকে নিজে খাবার নিয়ে চলবেন। আবার কারও মন্তব্য, এই ধরনের ঘটনা আর বিচ্ছিন্ন নয়, বরং নিয়মিত হয়ে উঠছে। তাই প্রশ্ন উঠছে, কবে এই অব্যবস্থার স্থায়ী সমাধান হবে।

ঘটনা ঘিরে ফের চাপের মুখে রেলের খাদ্য পরিষেবা ব্যবস্থা। যাত্রীদের আস্থা ফেরাতে এবার কতটা কড়া পদক্ষেপ করা হবে, সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall