দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরের পর থেকেই প্রায় একটানা বৃষ্টি চলছে শহরে। বিক্ষিপ্তভাবে ভিজছে কিছু কিছু জেলা। মঙ্গলবার সকালেও সেই ছবি অব্যাহত। বর্ষা বিদায়ের মাসেই ফের নিম্নচাপের চোখরাঙানি। বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal Weather) উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা।
আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে (Heavy Rain Alert)। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড় ও পাদদেশের জেলাগুলিতেও কয়েক দিন ধরে বৃষ্টির দাপট চলবে। ইতিমধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও (Kolkata Weather) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (West Bengal Rain Forecast) রয়েছে।
নিম্নচাপের জেরেই দুর্যোগ
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ৩১ অগস্টও সক্রিয় ছিল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা।
উত্তরে কমলা সতর্কতা
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমছে না। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে।
অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
দিঘায় সবচেয়ে বেশি বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা দিঘায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপরেই রয়েছে সাগর দ্বীপ, সেখানে বৃষ্টির পরিমাণ ৬৫ মিলিমিটার। হলদিয়ায় ৬১ মিলিমিটার এবং সিউড়িতে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
শহর কলকাতায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
সেপ্টেম্বর সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শেষ মাস। এই মাসেই ধীরে ধীরে বর্ষা বিদায়ের পথে এগোয়। তবে আপাতত পূর্ব, মধ্য এবং উত্তর ভারতের কিছু অংশে ফের বর্ষার সক্রিয়তা বাড়তে পারে বলে পূর্বাভাস। এর ফলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার ঘাটতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

