Dailyhunt
ভবানীপুরে সাবধানী তৃণমূল? গণনার আগের রাতে এজেন্টদের নিয়ে কালীঘাটে বৈঠকে মমতা

ভবানীপুরে সাবধানী তৃণমূল? গণনার আগের রাতে এজেন্টদের নিয়ে কালীঘাটে বৈঠকে মমতা

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: কাল সেই অগ্নিপরীক্ষা (West Bengal Assembly Election 2026)। তার ঠিক কয়েক ঘণ্টা আগে নিজের খাসতালুক ভবানীপুর (Bhawanipore) নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সন্ধ্যায় কালীঘাটের (Kalighat) বাসভবন সংলগ্ন দফতরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের জরুরি বৈঠকে ডেকেছেন তিনি।

নজরে ভবানীপুর: কালীঘাটে রণকৌশল

সোমবার রাজ্যের ২৯৩টি আসনের সঙ্গেই ভবানীপুরের ভোটগণনা। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই বৈঠকটি হবে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ভবানীপুরের অন্তর্গত আটটি ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদেরও।

সূত্রের খবর, গণনাকেন্দ্রের ভেতরে এজেন্টদের ভূমিকা কী হবে, বিজেপি কোনও কারচুপি করার চেষ্টা করলে কীভাবে তার মোকাবিলা করতে হবে— সেই সব বিষয়েই 'লাস্ট মিনিট' দাওয়াই দিতে পারেন তৃণমূলনেত্রী। বিশেষ করে প্রতিটি মুহূর্তের খতিয়ান যাতে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছয়, তার স্পষ্ট নির্দেশ দেওয়া হতে পারে।

লড়াইয়ের কেন্দ্রে মমতা বনাম শুভেন্দু

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ হয়েছে। গতবার নন্দীগ্রামে যে হাইভোল্টেজ লড়াই দেখেছিল বাংলা। এবার খাস কলকাতায় মমতা বনাম শুভেন্দু দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে। নন্দীগ্রামের হারের মধুর প্রতিশোধ মমতা ভবানীপুরে নিতে পারেন কি না, নাকি শুভেন্দু অধিকারী ফের কোনও অঘটন ঘটান— তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলের সব স্তরেই।

উল্লেখ্য, শুক্রবারই এই কেন্দ্র নিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তাঁর নির্বাচনী কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেছিলেন। ফলে দু'পক্ষই যে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ, তা স্পষ্ট।

'পুনর্গণনার' হুঁশিয়ারি ও কড়া নজরদারি

শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভার্চুয়ালি সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা। সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, গণনাকেন্দ্র ছেড়ে কোনওভাবেই আগে বেরনো যাবে না। বিজেপি সামান্য ব্যবধানে এগিয়ে থাকলে সঙ্গে সঙ্গে পুনর্গণনার (Recounting) আর্জি জানাতে হবে। গণনা প্রক্রিয়ায় নজর রাখতে ইতিমধ্যেই জেলাওয়াড়ি পর্যবেক্ষক নিয়োগ করেছে ঘাসফুল শিবির।

কালীঘাটের আজকের এই বৈঠক মূলত ভবানীপুর জয়ের ব্যবধান এবং গণনাকেন্দ্রের সুরক্ষা সুনিশ্চিত করতেই ডাকা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, সোমবার সকালে ইভিএম খোলার পর ভবানীপুরের পাল্লা কোন দিকে ভারী থাকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall